বার্সার রাউল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ক্লাবের মধ্যে নাকি সাপে-নেউলে সম্পর্ক। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ বিতর্কটা শুধু স্পেন নয়, বিশ্বজুড়েও চলে। কিন্তু সেই রিয়ালেরই কিংবদন্তি রাউল এবার এগিয়ে এলেন বার্সেলোনাকে সাহায্য করতে! নিউইয়র্কে গতকাল একটি অফিস খুলেছে বার্সা। সেখানে শুভেচ্ছাদূত হিসেবে ক্লাব কিংবদন্তি রোনালদিনহোকে আগেই নিয়েছে কাতালান ক্লাবটি। কাল উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর সঙ্গে উপস্থিত ছিলেন রাউলও। যাঁর নামের সঙ্গে মিলিয়ে ক্লাবকেই ডাকা হতো রাউল মাদ্রিদ, তিনিই কিনা শত্রুশিবিরে! অবশ্য রিয়াল কিংবদন্তির পক্ষে যুক্তি, ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রে খেলায় অনেক দিন ধরেই তো সেখানে স্প্যানিশ লিগের শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন। স্পেনের একটা ক্লাব সেখানে অফিস খুললে তিনি তো আসতেই পারেন। মার্কা।