বার্সার রাতে কষ্টার্জিত জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল উত্সবে মেতেছেন দানি আলভেজ, আদ্রিয়ানো, জেরার্ড পিকে ও লিওনেল মেসি (বাঁ থেকে ডানে)। ছবি: রয়টার্স।
গোল উত্সবে মেতেছেন দানি আলভেজ, আদ্রিয়ানো, জেরার্ড পিকে ও লিওনেল মেসি (বাঁ থেকে ডানে)। ছবি: রয়টার্স।

এবারের লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ। শিরোপা ধরে রাখার অভিযান। শুরুটা চোখ ধাঁধানোই হয়েছে বার্সেলোনার। নিজেদের মাঠে গত রাতে লেভান্তেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে নতুন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোকে স্বাগত জানিয়েছেন লিওনেল মেসিরা। বার্সার রাতে মাঠে নেমেছিল স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে তারাও। তবে সেটা বার্সার মতো হেসেখেলে আসেনি। ইসকোর শেষ মুহূর্তের গোলে বেটিসকে ২-১ গোলে হারায় রিয়াল। অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে সেভিয়াকে এবং গ্রানাডা ২-১ গোলে ওসাসুনাকে হারায়।

বার্সা-লেভান্তে: ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে লেভান্তেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বার্সা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলবন্যাটা অব্যাহত থাকেনি। ম্যাচের প্রথম গোলটি অ্যালেক্সিস সানচেজের, মাত্র তিন মিনিটের মাথায়। দুটি করে গোল করেন লিওনেল মেসি (১২ ও ৪২ মিনিট) ও পেদ্রো (২৬ ও ৭৩ মিনিট)। বার্সার বাকি গোল দুটি করেন দানি আলভেজ (২৩ মিনিট) ও জাভি (৪৫ মিনিট)।

আরেকটি সুযোগ মিস! হতাশায় গোল পোস্টে ঠেস দিয়ে দাঁড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স।
আরেকটি সুযোগ মিস! হতাশায় গোল পোস্টে ঠেস দিয়ে দাঁড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স।


এ ম্যাচ দিয়েই লা লিগায় অভিষেক হয়েছে নেইমারের। শুরু থেকে অবশ্য মাঠে ছিলেন না ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন ম্যাচের ৬২ মিনিটে। গোল করতে পারেননি, একটি হলুদ কার্ড দেখেছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত এই তারকা।

রিয়াল-বেটিস: ম্যাচের ১৪ মিনিটে বেটিসকে এগিয়ে দেন জর্জ মলিনা। বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকা হয়নি দলটির। ২৬ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। এরপর গোলের দেখা মিলছিল না। মনে হচ্ছিল, ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রিয়ালকে। সেটা হয়নি স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর কল্যাণে। ৮৬ মিনিটে তাঁর করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন রিয়াল। ম্যাচের শুরু থেকেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রিয়ালের পর্তুগিজ এই উইঙ্গার। সূত্র: রয়টার্স।