বার্সার রাতে রিয়ালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতেই চলেছে বার্সেলোনা। গতকাল শনিবার বছরে নিজেদের শেষ ম্যাচে ভ্যালোদোলিদকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে লা লিগায় বার্সার সহজ জয়ের রাতে মালাগার কাছে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।গত রাতে জয়ের ফলে লিগে নিজেদের শীর্ষস্থানটা আরও সুসংহত করল বার্সা। ১৭ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের অর্জন এখন ৪৯ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৩৩ পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়। বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান এখন ১৬ পয়েন্ট, যা এক দিন আগে ছিল ১৩। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সার্বিক পরিস্থিতিই প্রমাণ করে, বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়ালের এবারের মৌসুমের শিরোপা জয়ের আশা ছেড়ে দেওয়াই ভালো!রিয়াল হেরেছে ৩-২ গোলে। তবে এ ম্যাচে রিয়াল গোল করেছে একটি। সেটাও একেবারে ম্যাচের অন্তিম সময়ে। ৮২ মিনিটে গোলটি করেন করিম বেনজেমা। রিয়ালের নামের পাশে যে আরেকটি গোল লেখা আছে, সেটি আসলে মালাগা ডিফেন্ডার সার্জিও সানচেজের আত্মঘাতী গোল। ৬৬ মিনিটে সানচেজ গোলটা ‘উপহার’ না দিলে আরও বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হতো রিয়ালকে। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় মালাগাকে এগিয়ে দেন ইসকো। ৬৬ মিনিটে সানচেজের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। তবে সান্তা ক্রুজের পর পর দুই গোলে ৩-১-এ এগিয়ে যায় মালাগা। ৮২ মিনিটে একটি গোল শোধ করেন বেনজেমা। নিয়মিত গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বসিয়ে রাখার খেসারতই যেন দিলেন রিয়ালের কোচ হোসে মরিনহো।ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি, তবে গত রাতেও একটি গোল তুলে নিয়েছেন বার্সার ‘গোলমেশিন’ লিওনেল মেসি। বছরশেষে আর্জেন্টাইন সুপারস্টারের গোলসংখ্যা দাঁড়াল ৯১। ম্যাচে প্রথম গোলটি জাভির (৪৩ মিনিট)। মেসির গোলটি ৫৯ মিনিটে। ভ্যালাদোলিদের একমাত্র গোলটি জাভি গুয়েরার (৮৯ মিনিট)। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বার্সার শেষ গোলটি করেন তেয়ো।লা লিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা ১৭। ১৪ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। সূত্র: রয়টার্স।