বার্সার শত্রু গার্দিওলা!
চার বছরে ১৩ শিরোপা। নিঃসন্দেহে বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা ম্যানেজার পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচ ন্যু ক্যাম্প ছেড়ে এসেছেন গত বছরের মে মাসে। সেই সঙ্গে কি ছেড়ে এসেছেন বার্সার প্রতি সব দরদ, ভালোবাসাও? নাকি পেশাদার ফুটবলে ঠুনকো আবেগের কোনো স্থান নেই! না হলে বার্সার মুখের গ্রাস থেকে কেন ভাগিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন নেইমারকে!
সান্তোসের ভাইস প্রেসিডেন্ট ওডিলিও রদ্রিগেজ সম্প্রতি ফাঁস করে দিয়েছেন, বার্সা নয়, নেইমারের ঠিকানা যেন বায়ার্ন মিউনিখ হয়, সেই চেষ্টাই করেছিলেন গার্দিওলা। বায়ার্নের নতুন কোচ নাকি উঠেপড়েই লেগেছিলেন নেইমারকে জার্মানিতে নিয়ে আসতে! লিওনেল মেসি ও নেইমারকে বার্সা কোচ টিটো ভিলানোভা একসঙ্গে ব্যবহার করতে পারবেন না বলেও নাকি মন্তব্য করেছিলেন গার্দিওলা।
গত মাসের গোড়ার দিকে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় যোগ দেন নেইমার। চুক্তির আর্থিক পরিমাণটা প্রথম গোপন রাখা হলেও পরে জানানো হয়, নেইমারের ‘ট্রান্সফার ফি’ ৫৭ মিলিয়ন ইউরো। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে পেতে যথাসাধ্য চেষ্টা করেছিল স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে বেশি অর্থের লোভ দেখিয়েও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি রিয়াল।
গ্লোবস্পোর্তের খবর, নেইমারকে বায়ার্নে নিতে তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন গার্দিওলা। বার্সায় নেইমারকে যথাযথভাবে ব্যবহার করা হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন বার্সার সাবেক এই কোচ। তবে মন গলেনি নেইমারের বাবার। ছেলের ক্যারিয়ারের কথা মাথায় রেখে বার্সাকেই বেছে নেন তিনি।
গত বছরের ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন গার্দিওলা। গার্দিওলার জায়গায় কোচ হিসেবে আসেন তাঁরই সহকারী ভিলানোভা।