বার্সার শেষ আশাও গুঁড়িয়ে দিল রিয়াল
বার্সেলোনার লিগ শিরোপার দূরতম স্বপ্নটুকুও বুঝি শেষ হয়ে গেল। জিতলে লড়াইয়ে ফিরত ভালোভাবেই। পয়েন্টের ব্যবধানটা নেমে আসত ১-এ। কিন্তু তাদেরই মাঠে এসে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের সঙ্গে হোসে মরিনহোর দল ন্যু ক্যাম্প থেকে যেন নিয়ে ফিরল তিন মৌসুম পর শিরোপাটাও! কাগজে-কলমে হয়তো এখনো সম্ভাবনা আছে। লিগে আরও চার ম্যাচ বাকি। কিন্তু স্যামি খেদিরা আর ক্রিস্টিয়ানো রোনালদোর এনে দেওয়া জয়ে রিয়াল এগিয়ে গেল ৭ পয়েন্টে। চার ম্যাচে ৭ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা জিতবে, এই আশা হয়তো বার্সেলোনাও আর করছে না। ১৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন খেদিরা। বদলি হিসেবে নামা অ্যালেক্সিস সানচেজ বার্সেলোনাকে সমতায় ফেরান ৭০ মিনিটে। তিন মিনিট পরই বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনার বিপক্ষে এটাই লিগে রিয়ালের প্রথম জয়। দলীয় দ্বৈরথের মতো ব্যক্তিগত লড়াইয়েও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। লিগে রোনালদোর গোল হয়ে গেল ৪২টি। এএফপি।