বার্সার সঙ্গে তিন ‘চ্যাম্পিয়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেল্টিকের কোচ নিল লেননের কথাই সত্যি। ‘এইচ’ গ্রুপ আসলে একই সঙ্গে সবচেয়ে সেরা ও সবচেয়ে বাজেও! কীভাবে? সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে চারবার করে ইউরোপ-সেরা হওয়া বার্সেলোনা আর আয়াক্স। একবার চ্যাম্পিয়ন হয়েছে সেল্টিকও। একই সঙ্গে চার সাবেক চ্যাম্পিয়ন নেই এবারের চ্যাম্পিয়নস লিগের আর কোনো গ্রুপে। সেরা নয়তো কী? আবার দুঃখজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে এই চার দলের যেকোনো দুটি। পরশু রাতে ড্রয়ের পরই তাই লেনন বললেন, ‘জৌলুশের কথা ভাবলে বার্সেলোনা, আয়াক্স, মিলান আর সেল্টিক একই গ্রুপে, এর চেয়ে ভালো কিছু তো হতে পারে না। কিন্তু ফুটবলের কথা ভাবলে সম্ভবত এটাই সবচেয়ে কঠিন গ্রুপ।’অন্যগুলোর চেয়ে গ্রুপটা একটু কঠিন বলে মানছেন বিশ্বসেরা ফুটবলার বার্সেলোনার লিওনেল মেসিও। তবে চ্যাম্পিয়নস লিগে দীর্ঘ অভিজ্ঞতার কারণেই মেসি ব্যাপারটা দেখেছেন পেশাদারি চোখে, ‘আপনি তো সহজ গ্রুপ পাবেন না। তবে গ্রুপটা সুন্দর হয়েছে। আমরা গত মৌসুমে মিলান আর সেল্টিকের বিপক্ষে খেলেছি। আয়াক্সের বিপক্ষে আমাদের এই প্রথম। গ্রুপটা কঠিনই।’ সেমিফাইনাল পর্যন্ত গেলেও গতবার এই সেল্টিকের কাছেই গ্রুপ পর্বের ফিরতি লেগে হেরেছিল বার্সেলোনা।‘ডি’ গ্রুপে পরিষ্কার ফেবারিট দুর্দান্ত ফর্মে থাকা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাই বলে সিএসকেএ মস্কো, ম্যানচেস্টার সিটি বা ভিক্টোরিয়া প্লজেনের কাউকেই হালকা করে দেখতে চান না বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে, ‘আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কাউকে খাটো করে না দেখার ব্যাপারে। আপনা-আপনিই পরের রাউন্ডে উঠে যাব ভাবলে ভুল হবে। আমাদের লক্ষ্য আগে নকআউট পর্ব পর্যন্ত যাওয়া।’ একটু কঠিন ভাবা হচ্ছে ‘এফ’ গ্রুপটাকেও। বর্তমান রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সেখানে আর্সেনাল, মার্শেই আর নাপোলি। তবে এসব নিয়ে আগে থেকে ভেবে ঘাবড়ে যাচ্ছেন না ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘আমি বলব এটা দারুণ ভারসাম্যপূর্ণ গ্রুপ যেখান থেকে চারটি দলেরই পরের রাউন্ডে যেতে খুব পরিশ্রম করতে হবে।’ ১১ বছর ধরে দশম শিরোপার অপেক্ষায় থাকা রিয়াল মাদ্রিদ এবার ‘বি’ গ্রুপে খেলবে জুভেন্টাস, গ্যালাতাসারাই আর কোপেনহেগেনের সঙ্গে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করলেও বাকি দুই দলের ব্যাপারে সতর্ক রিয়াল মাদ্রিদের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো, ‘কাগজে-কলমে জুভেন্টাস সবচেয়ে শক্ত প্রতিপক্ষ। তবে এটা চ্যাম্পিয়নস লিগ আর এখানে সবকিছুই কঠিন।’ তুলনায় সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে ২০১২ সালের চ্যাম্পিয়ন চেলসি। ‘ই’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিদ্বন্দ্বী শালকে, বাসেল আর স্টুয়া বুখারেস্ট। ‘এ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডকেই সবচেয়ে এগিয়ে রাখছেন শাখতার দানেস্কের প্রধান নির্বাহী শারলি পালকিন, ‘ইউনাইটেড অবশ্যই ফেবারিট। বাকি তিন দল (শাখতার, বেয়ার লেভারকুসেন, রিয়াল সোসিয়েদাদ) শক্তিতে প্রায় সমান। তাই এদের মধ্যে কোন দল উঠবে সেটা বলা কঠিন।’ এএফপি, রয়টার্স।