বার্সার সাফল্যে আমার কোনো কৃতিত্ব নেই: গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলা সব সময়ই এমন; বিনয়ী। নয়তো, তাঁর প্রশিক্ষণে বার্সেলোনা অন্য গ্রহের ফুটবল খেললেও তিনি বলবেন কেন, যে এতে তাঁর কোনো কৃতিত্ব নেই!বর্তমান বিশ্বের অন্যতম সেলিব্রেটি এই কোচ মনে করেন, বার্সেলোনা দুর্দমনীয় দল হয়ে ওঠার পেছনে খেলোয়াড়দের অবদান সর্বাগ্রে। এখানে তাঁর ভূমিকা একেবারেই গৌণ।‘এখানে খেলোয়াড়েরাই আসল, মানুষ যাদের খেলা দেখতে আসে। এখানে খেলোয়াড়দের অবদানই মূল, যারা মাঠে ঘাম ঝরিয়ে খেলে।’ এমনই একটি মন্তব্য করেছেন পেপ গার্দিওলা।গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ ১৫টি প্রতিযোগিতার ১৩টিই জিতেছে বার্সেলোনা। যদিও এর মধ্যে স্প্যানিশ সুপার কাপের সাফল্যও অন্তর্ভুক্ত। যা একটি খেলায় জিতেই ঘরে তোলা যায়। তবে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগা সবই জিতিয়েছেন বার্সেলোনাকে। তিনি এ ব্যাপারে বলেন, ‘আমি বার্সেলোনায় আসার আগেও অন্য জায়গায় কোচিং করিয়েছি। কিন্তু এই সাফল্য কিন্তু কোথাও পাইনি। এ থেকে কি প্রমাণিত হয় না, আমি নই, এই সাফল্যের পেছনে খেলোয়াড়েরাই মুখ্য। আমি কেবল খেলোয়াড়দের মাঠে নামিয়ে বলি “এবার শুরু করো”।’আর কিছুদিন পরেই জাপানে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার নামে বৈশ্বিক ব্যাপার থাকলেও ইউরোপের অধিকাংশ ক্লাবই একে গুরুত্বের সঙ্গে দেখছে না। তবে গার্দিওলা জানিয়ে দিয়েছেন, তিনি এ প্রতিযোগিতা নিয়ে ভাবছেন এবং এ মুহূর্তে এই প্রতিযোগিতার জন্য বার্সেলোনার প্রস্তুতিই তাঁর মূল লক্ষ্য। রয়টার্স।