বার্সার সাফল্যে হিংসায় পোড়ে রিয়াল!

২০১৩ সালে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কের জন্যই বেশি আলোচিত ছিল বার্সেলোনা। বছরের শেষভাগে বার্সেলোনার অর্থবিষয়ক সহসভাপতির বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এ সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এর আগে মেসি ও তাঁর বাবার বিরুদ্ধেও উঠেছিল কর ফাঁকি ও অর্থ-পাচারের অভিযোগ। বাদ যাননি আরেক তারকা নেইমারও। ব্রাজিলের এই উদীয়মান তারকাকে দলে ভেড়ানোর সময় চুক্তির টাকা নয়-ছয় হয়েছে বলেও উঠেছে অভিযোগ। কিন্তু এসব খবরের বেশির ভাগই বানোয়াট বলে দাবি করেছেন বার্সার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে রিয়াল মাদ্রিদ শিবিরই এসব বিতর্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য।
বিগত বেশ কয়েক বছর ধরেই বার্সেলোনার দুর্দান্ত সাফল্যে ম্লান হয়ে আছে ইউরোপের অন্যতম সেরা দল রিয়াল। শেষ পাঁচটি লা লিগা শিরোপার চারটিই গেছে ন্যু ক্যাম্পে। ২০১১-১২ মৌসুমে একবারই এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে রিয়াল সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০২ সালে। আর ২০০৬ সাল থেকে বার্সা ইউরোপ-সেরার মুকুট পরেছে তিনবার।
বার্সার এই বিস্ময়কর সাফল্যই রিয়াল শিবিরের সহ্য হচ্ছে না বলে মনে করছেন পিকে, ‘মনে হচ্ছে বার্সেলোনার অনেক অনেক শিরোপা জেতার ব্যাপারটা মেনে নেওয়া রিয়াল মাদ্রিদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই পরিস্থিতি মেনে নিতে হবে। কিছু সময় আপনি জিতবেন, কিছু সময় অন্য দল জিতবে। এটাই স্বাভাবিক।’
সাম্প্রতিক সময়ে নানামুখী বিতর্কের কারণে সৃষ্ট সমালোচনার বিরুদ্ধে জোরেশোরে প্রতিবাদ জানানো দরকার বলেও মনে করছেন পিকে। বিশেষভাবে মেসিকে যেভাবে সমালোচনার শিকার হতে হচ্ছে, তার কড়া প্রতিবাদ জানানো দরকার বলেই মত দিয়েছেন তিনি, ‘আমাদের বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। এমন একটা অবস্থা আসবে, যখন আপনাকে বলতে হবে যে, যথেষ্ট হয়েছে। যে কাজগুলো মেসি করেনি, সেগুলোর জন্যও মেসিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটার বিচার একটা সময় করতেই হবে।’