বার্সার সেরা ম্যাচ, নেইমারের প্রথম গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমে এ অবধি সেরা খেলাটাই খেলল বার্সেলোনা। ছবি: রয়টার্স।
সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমে এ অবধি সেরা খেলাটাই খেলল বার্সেলোনা। ছবি: রয়টার্স।

লা লিগায় জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রাখল বার্সেলোনা। কাল রাতে কাতালানরা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে ৪-১ গোলে। সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচ বার্সাকে কেবল বিজয়ীর মুকুটই পরায়নি, খুব সম্ভবত এই মৌসুমের সেরা খেলাটাও মার্টিনো বাহিনী খেলেছে এই ম্যাচেই।
স্প্যানিশ লিগে কাল প্রথম গোল পেলেন ব্রাজিলীয় তারকা নেইমার। বার্সার পক্ষে বাকি তিন গোল এসেছে মেসি, বুসকেটস ও বারত্রার পা থেকে। সোসিয়েদাদের পক্ষে সান্ত্বনার গোলটি আলবার্তো ডি লা বেলার।
খেলার পঞ্চম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আলেক্সি সানচেজের ক্রস সহজেই জালে পাঠান তিনি। অষ্টম মিনিটে তিনি মেসিকে সুযোগ করে দেন স্কোরশিটে নাম তুলতে। তাঁর চিপ থেকেই ডাইভিং হেডে চমত্কার এক গোল করেন মেসি। ২৩ মিনিটের সময় ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও বুসকেটস প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে পরাভূত করেন সোসিয়েদাদ গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে। ৬৪ মিনিটে সোসিয়েদাদ আলবার্তো ডি লা বেলার গোলে খেলায় ফিরে আসার স্বপ্ন দেখা শুরু করলেও সেই স্বপ্ন ৭৭ মিনিটে শেষ করে দেন মার্ক বারত্রা।
ম্যাচ শেষে ক্যানাল প্লাস টেলিভিশনকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেইমার। লা লিগায় প্রথম গোলটি তিনি যে দারুণ উপভোগ করেছেন, সেটা বোঝা গেল তাঁর কথাতেই, ‘আমি দারুণ খুশি। স্প্যানিশ লিগে প্রথম গোলটি করতে পারাটা চমত্কার একটা ব্যাপার। তবে আমি সবচেয়ে বেশি খুশি দলের জয়ে। প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করছি, দল হিসেবে সংগঠিত হচ্ছি। আমিও বার্সার জীবন উপভোগ করে যাচ্ছি।’

বার্সেলোনা কাল দারুণ ফুটবল খেলে জিতলেও খেলার শুরুটা কিন্তু ছিল সোসিয়েদাদেরই। ম্যাচের দ্বিতীয় মিনিটের সময়ই হ্যারিস সেফারোভিচের শট বারে লেগে ফেরত আসে। তবে রক্ষণভাগের ভুলে পঞ্চম মিনিটে গোল খেয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে বার্সেলোনার হাতে। পাঁচ মিনিটের সময় লিয়াসিনে কাদামুরো ও ব্রাভোর ভয়াবহ ভুল বোঝাবুঝিতে খুব সম্ভবত নিজের ক্যারিয়ারের সহজতম গোলটি পেয়ে যান নেইমার। তিন মিনিট বাদেই নেইমারের বাম পায়ের দারুণ এক ক্রস থেকে দৃষ্টিনন্দন গোলটি করেন মেসি।

বার্সেলোনার তৃতীয় গোলটি পেতে পারতেন মেসিই। তাঁর ব্যাকহিল সোসিয়েদাদ গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দিলে ফিরতি বলে নেওয়া মেসির শট বারে লেগে ফিরে আসে। বুসকেটস বারে লেগে ফিরে আসা বলেই বক্সের বাইরে থেকে নেওয়া চকিত শটে গোল করেন।

হাভিয়ের মাচেরানো চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যাওয়াটা ছিল কাল বার্সার জন্য এক দুর্ভাগ্যজনক ঘটনা। তবে সোসিয়েদাদের সীমানায় জাভি, ইনিয়েস্তা আর নেইমারের সঙ্গে চমত্কার পাস খেলেও একেবারে ফাঁকা পোস্টে মেসি একটি সহজ গোলের সুযোগ কাল যেভাবে নষ্ট করলেন, তাঁকে দুর্ভাগ্য না বলে ব্যর্থতা বলাটাই বোধ হয় বেশি সংগত। এবারের মৌসুমে বার্সার সেরা দিনে মেসির নিষ্প্রভ উপস্থিতিটাই সমর্থকদের মনে খচখচানিটা রেখে যাচ্ছে। সূত্র: রয়টার্স।