বার্সার হারে বিস্মিত আনচেলত্তিও

‘ভুলে যাওয়ার মতো দিন’, ‘পচা শামুকে পা কাটা’—বড় দলগুলো ছোট দলের কাছে হারলে এ রকম শব্দগুচ্ছ লিখতে হয় প্রায়ই। কদিন ধরে বার্সেলোনার ম্যাচ মানেই যেন এসবের পুনরাবৃত্তি। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নভঙ্গ হওয়ার তিন দিন পর আবার হার। সেটি আবার অবনমনের লড়াইয়ে থাকা গ্রানাডার কাছে ১-০ গোলে! স্মরণকালে এর চেয়ে বাজে সপ্তাহ বোধ হয় বার্সেলোনার আর আসেনি। পরশু চিরপ্রতিদ্বন্দ্বীদের এই মুখ থুবড়ে পড়ার সুযোগটা ভালোই নিয়েছে রিয়াল মাদ্রিদ, আলমেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। কাল গেটাফেকে ২-০ গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়ালের চেয়ে এগিয়ে গেছে ৩ পয়েন্টে।
কিন্তু গ্রানাডা-লজ্জার জন্য কাকে দোষ দেবেন কোচ জেরার্ডো মার্টিনো? ৮৬ শতাংশ বল নিয়ন্ত্রণ বলবে বার্সেলোনা ছিল বার্সেলোনার মতোই। জেনে অবাক হবেন, গত ছয় বছরে এর চেয়ে বেশি সময় নিজেদের কাছে বল রাখতে পারেনি বার্সা। কিন্তু আসল কাজ যেটি, সেই গোলটাই করতে পারলেন না মেসিরা। আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠে আফসোসটা স্পষ্টই, ‘মাঝেমধ্যে আপনি কেন হারেন সেটা ব্যাখ্যা করা খুবই কষ্টকর। আমরা গোল পাইনি, কিন্তু ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। গোল করতে আমরা সবকিছুই করেছি, শুধু ফিনিশিংটাই হয়নি।’
খানিকটা দোষ বার্সা কোচ জেরার্ডো মার্টিনো নিজেকেও দিতে পারেন। মাচেরানোর সঙ্গে বুসকেটসকে খেলিয়েছেন সেন্টারব্যাক হিসেবে। ১৫ মিনিটে রিকোর থ্রু থেকে আলজেরিয়ান ইয়াসিন ব্রাহিমির গোলটা তো দুজনের অসতর্কতার কারণেই। তার ওপর জাভি, দানি আলভেজ, জর্ডি আলবাদের বসিয়ে রেখেছিলেন বেঞ্চে। কয়েক ম্যাচ থেকেই নিজেকে হারিয়ে খোঁজা মেসি গ্রানাডার রক্ষণে থাকলেন বোতলবন্দী, নেইমার-ইনিয়েস্তারাও খুঁজে পাননি গোলের ঠিকানা!
তবে মার্টিনো হয়তো প্রতিপক্ষের একজনকে শাপশাপান্ত করেছেন। ব্রাজিলিয়ান গোলরক্ষক ওরেস্তিস কারনেসিস অমন অতিমানব না হয়ে দাঁড়ালে ফলটা অন্য রকমও হতে পারত। ৬২ মিনিটে মেসির যে ফ্রি-কিকটি সেভ করেন গ্রানাডার গোলরক্ষক, সেটা রীতিমতো অবিশ্বাস্য। নেইমার-বুসকেটসদেরও কয়েকবার আশাহত করেছেন কারনেসিস। অথচ মৌসুমে পরশু মাত্র দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন তিনি!
মার্টিনো জানেন শিরোপাস্বপ্ন ফিকে হয়ে গেলেও এখনো শেষ হয়ে যায়নি। ছাত্রদের তাই অভয়মন্ত্রই শোনাচ্ছেন, ‘সবকিছু আর আমাদের হাতে নেই, কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে এর চেয়ে বেশি আমি চাইতে পারতাম না। তারা সম্ভাব্য সব চেষ্টাই করেছে। এটা পরিষ্কার যে এমন ফলের পর আমার ভালো লাগার কোনো কারণ নেই। কিন্তু যতক্ষণ না গাণিতিকভাবে অসম্ভব, আমরা শিরোপার জন্য লড়ে যাব।’
বার্সেলোনার পরাজয়টা এতটাই অপ্রত্যাশিত ছিল যে, কার্লো আনচেলত্তির মুখেও এসেছে কথাটা, ‘বার্সেলোনার হারে আমি একটু বিস্মিত, কিন্তু মৌসুমের এই সময়ে প্রতিটি ম্যাচই কঠিন।’ তবে এখনই চিরপ্রতিদ্বন্দ্বীদের বাতিল করে দিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমি মনে করি, বার্সেলোনার লিগ জয়ের বিশ্বাসটা এখনো আছে। আরও অনেক চমক আসছে। তারা শেষ পর্যন্তই লড়ে যাবে।’ বার্সেলোনার আক্ষেপের রাতে রিয়াল অবশ্য হেলেদুলেই জয় তুলে নিয়েছে। ২৮ মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত গোলে শুরু। দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেল, ইসকো ও আলভারো মোরাতা গোল করে আলমেরিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা বুঝতেই দেননি।
আপাতত দুই দলকেই হারের বেদনা ও জয়ের উল্লাস এক পাশে সরিয়ে অনুশীলনে নামতে হচ্ছে। আগামী পরশু কোপা ডেল রের ফাইনালে এল ক্লাসিকোর আরেকটি মঞ্চ তো সাজানোই আছে! এএফপি, ওয়েবসাইট।