বার্সার ‘টিটো’ টনিক
এসি মিলানের বিপক্ষে ৪-০ গোলের সেই জয়টা ব্যতিক্রম। নইলে গত কিছুদিনে বার্সাকে ঠিক বার্সা মনে হয়নি। বলতে গেলে, এক লিওনেল মেসিই টানছেন চোটে জর্জর দলটিকে। নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োল ও আদ্রিয়ানো বাইরে। নিষেধাজ্ঞার খাড়ায় আজ খেলতে পারবেন না পেদ্রো। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আজই ফিরবেন জাভি ও জর্ডি আলবার মতো গুরুত্বপূর্ণ দুজন। খানিকটা এলোমেলো এই সময়ে পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার লড়াই। নিজেদের অনুপ্রাণিত করতে প্রয়োজন ছিল একটা টনিক। সেই টনিক আজ পেয়ে যাচ্ছে কাতালানরা। আজ ডাগ আউটে থাকছেন টিটো ভিলানোভা!নিউইয়র্কে দুই মাস ক্যানসারের চিকিৎসা শেষে গত সপ্তাহেই বার্সেলোনায় ফিরেছেন ভিলানোভা। শনিবার দলের অনুশীলনেও ছিলেন। পরদিন সেল্টাভিগোর বিপক্ষে ম্যাচে অবশ্য দলের সঙ্গে যেতেও চেয়েছিলেন ভিগোতে। শারীরিক ঝুঁকির কথা বিবেচনা করে পাঠায়নি ক্লাব কর্তৃপক্ষই। তবে যাচ্ছেন প্যারিসে। ইব্রাহিমোভিচ-লাভেজ্জিদের আটকানোর ছক কাটবেন তিনিই, ডাগ আউটে থেকে নির্দেশনা দেবেন পিকে-আলভেসদের। গুরুকে আবার ফিরে পেয়ে উচ্ছ্বসিত মেসি, ‘টিটোকে আবার আমাদের মাঝে দেখতে পাওয়াটা দারুণ খুশির খবর। এমন একটা ম্যাচে তাঁকে পাওয়াটা খুব প্রয়োজন ছিল। ওকে দেখেও ভালো মনে হচ্ছে, মুখিয়ে আছে ডাগ আউটে থাকার জন্য।’ ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরা তো ‘বস’কে ফিরে পাচ্ছেন ভেবে আগে থেকেই রোমাঞ্চিত।আক্রমণ ভাগে আজ মেসির সঙ্গী হতে পারেন যিনি, সেই ক্রিস্টিয়ান তেয়োর কণ্ঠেও উচ্ছ্বাস, ‘ওকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। খুব প্রয়োজন ছিল এটা আমাদের।’ একই কথা গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টোরও, ‘টিটো ফেরায় গোটা দল যেন আবার পুরোনো শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে!’ রয়টার্স, এএফপি।