বার্সায় আজ পুয়োল-পিকে
লা লিগা পুনরুদ্ধারের লড়াইয়ে প্রবলভাবেই টিকে আছে বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত অপরাজিত টিটো ভিলানোভার দল। কিন্তু একটা উদ্বেগ বার্সার মনে খচখচ না করে পারেই না। রক্ষণটা যে এখনো নড়বড়ে হয়ে আছে তাদের! লিগে এ পর্যন্ত ১৪ গোল হজম করেছে বার্সা, যেখানে রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট পিছিয়ে থাকলেও গোল খেয়েছে ৮টি। আজ নিজেদের মাঠে রিয়াল জারাগোজার সঙ্গে ম্যাচের আগে রক্ষণ দুর্বলতার কথা স্বীকারই করে নিলেন বার্সা সেন্টারব্যাক জেরার্ড পিকে, ‘ব্যাপারটা এমন ঘটছে যখনই প্রতিপক্ষ আমাদের বিপক্ষে আক্রমণ করছে, তখনই গোল পাচ্ছে। কেন এটা হচ্ছে আমি জানি না। কিন্তু এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমাদের ভাবতে হবে।’ গত মৌসুমের চেয়ে বার্সা যে গোলও বেশি পাচ্ছে, সেটাও মনে করিয়ে দিতে তিনি ভোলেননি, ‘আমরা গত মৌসুমের চেয়ে বেশি গোল করছি। এবং অবশ্যই আপনি যতই আক্রমণাত্মক হবেন, তত বেশি ঝুঁকি নিতে হবে। কিন্তু আমাদের রক্ষণে আরও উন্নতি করতে হবে।’ আজকের ম্যাচে পিকে খেলবেন, চোট কাটিয়ে প্রথম একাদশে ফিরতে প্রস্তুত পুয়োলও। আজ অন্তত ‘ডিফেন্ডার বনে যাওয়া মিডফিল্ডারদের’ খেলাতে হবে না ভিলানোভাকে। তবে খারাপ খবরও আছে, উইঙ্গার অ্যালেক্সিস সানচেজ চিলির হয়ে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে গেছেন এক মাসের জন্য। অ্যাটলেটিকো বিলবাওর সঙ্গে ম্যাচের আগে হোসে মরিনহোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারত রোনালদো ও ওজিলের চোট। তবে আশার কথা, দুজনই আজ মাঠে নামার জন্য প্রস্তুত। বেনজেমা-হিগুয়েইনকে ছাড়াই আগের ম্যাচ খেলতে হয়েছিল রিয়ালকে। হিগুয়েইন এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি, তবে সেরে উঠেছেন বেনজেমা। তার ওপর ম্যাচটা হবে বার্নাব্যুতেই। আর বিলবাওয়ের সঙ্গে শেষ পাঁচবারের সাক্ষাতেই জিতেছে রিয়াল। এএফপি, ওয়েবসাইট।