বার্সায় আবারও নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছে করে দেরি করায় রেফারি নেইমারকে দেখালেন হলুদ কার্ড। কর্নার কিক নিতে দেরিটা যে ইচ্ছাকৃত ছিল না বার্সেলোনার জয়ের নায়ক সেটি বোঝালেন বিস্ময়সূচক হাসিতে ।  এএফপি
ইচ্ছে করে দেরি করায় রেফারি নেইমারকে দেখালেন হলুদ কার্ড। কর্নার কিক নিতে দেরিটা যে ইচ্ছাকৃত ছিল না বার্সেলোনার জয়ের নায়ক সেটি বোঝালেন বিস্ময়সূচক হাসিতে । এএফপি

এমন হলে তো লিওনেল মেসি আরও কিছুদিন বিশ্রামে থাকতে পারেন! হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরতে তাড়াহুড়ো না করলেও হয়। তাঁকে ছাড়াই যে রীতিমতো উড়ছে বার্সেলোনা।
মেসির পর তাঁকে বার্সেলোনার হাল ধরতে হবে—নেইমার ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই এমন কথা বলছিলেন অনেকেই। এত বড় দায়িত্ব আসলেই পালন করতে পারবেন কি না, এমন সংশয় ছিলই। চোটের কারণে মেসি ছিটকে যাওয়ায় সেই পরীক্ষাটায় একটু আগেই বসতে হলো ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। কিন্তু নেইমার দেখালেন তিনি প্রস্তুত। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করে উড়িয়ে দিয়েছিলেন সেল্টিককে। পরশুও হ্যাটট্রিক পেতে পারতেন। তবে ন্যু ক্যাম্পে তাঁর জোড়া গোলই বার্সেলোনাকে জেতাল ভিয়ারিয়ালের বিপক্ষে (২-১)।
একই রাতে ওসাসুনার সঙ্গে রিয়াল মাদ্রিদ ২-২ ড্র করায় বার্সার আনন্দটা বেড়েছে এই কষ্টার্জিত জয়েও। ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখা বার্সেলোনা চিরশত্রুদের চেয়ে এগিয়ে গেল ৫ পয়েন্টে। ম্যাচ শেষে এই ‘উপরি’ আনন্দ গোপন করেননি বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনোও, ‘এ রকম প্রতিপক্ষের সঙ্গে আমরা যেভাবে খেলেছি সেটা অবশ্যই দারুণ। তার ওপর রিয়ালও দুটি পয়েন্ট হারিয়েছে।’ দুর্দান্ত ফর্মে থাকার এই সময়টাতে আর একটা ম্যাচ খেলেই বড়দিনের ছুটিতে যেতে হচ্ছে বলে আফসোস বার্সা কোচের, ‘দলটা দিনকে দিন ভালো করছে। এমন সময়ে ছুটি শুরু হওয়ায় খারাপ লাগছে। আমার ইচ্ছে করছে ছুটিটা বাতিল করে দিতে।’
এমন দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে শেষ মুহূর্তে নেইমার হলুদ কার্ড দেখায় একটা ক্ষতি হয়ে গেছে বার্সেলোনার। লিগে পাঁচটা হলুদ কার্ড হয়ে যাওয়ায় গেটাফের সঙ্গে আগামী রোববারের ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে মেসি-নেইমারকে ছাড়াই ওই ম্যাচে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মার্টিনো, ‘ওদের ছাড়াই গেটাফের জন্য প্রস্তুতি নেব আমরা। একজন বিশ্বের সেরা ফুটবলার, অন্যজন সেরা পাঁচজনের একজন। কিন্তু আমাদের জিততেই হবে।’
পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ায় আক্ষেপটা নিশ্চয়ই আছে। তবে ওসাসুনার সঙ্গে ম্যাচে দলের খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সে খুব একটা অসন্তুষ্ট নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে ৪০ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়া এবং বিরতির আগেই ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরানোটাকে ইতিবাচকই দেখছেন তিনি, ‘আমরা ভুগেছি, কিন্তু সেটার জবাবও দিয়েছি।’ এই ভোগান্তির অন্যতম কারণ বিরতির আগেই ১২ মিনিটের ব্যবধানে ডিফেন্ডার সার্জিও রামোসের পর পর দুটি হলুদ কার্ড দেখে উঠে যাওয়া। এই নিয়ে রিয়ালের হয়ে ১৮তম বারের মতো লাল কার্ড পেলেন স্প্যানিশ ডিফেন্ডার। তবে রিয়াল কোচ এতে দায় দেখছেন রেফারির ভুল সিদ্ধান্তের, ‘আমি রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সিদ্ধান্তটা মেনে নেওয়া কষ্টকর ছিল। বিশেষ করে প্রথমটা হলুদ কার্ড দূরের কথা ফাউলই হয়নি।’ এএফপি, রয়টার্স।