বার্সায় আস্থা ক্রুইফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের শেষ আশাটুকুও অনেকটাই শেষ হয়ে গেছে এল ক্লাসিকো হেরে। আজ কি বার্সেলোনার জন্য অপেক্ষা করছে আরেকটি ধাক্কা? চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে হেরে এসেছে চেলসির কাছে। আজ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ ড্র হলেই ছিটকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের বিশ্বাস, চেলসিকে ছিটকে দিয়ে ঠিকই ফাইনাল খেলবে বার্সেলোনা।সেমিফাইনালের প্রথম লেগে চেলসির কাছে ১-০ গোলে হারের পর বার্সা হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। কিছুদিন আগে যেটা মনে হচ্ছিল অসম্ভবের কাছাকাছি, সেটাই এখন মনে হচ্ছে খুবই বাস্তব—টানা তিন ম্যাচে হার! তবে দ্য টেলিগ্রাফ পত্রিকায় লেখা সাপ্তাহিক কলামে বার্সা সমর্থকদের আস্বস্ত করেছেন সাবেক ডাচ তারকা, ‘আমার ধারণা, মঙ্গলবার চেলসিকে হারাবে বার্সা। যদিও বার্সা টানা দুটি ম্যাচ হেরেছে, কিন্তু আমার ধারণা ন্যু ক্যাম্পের এই ম্যাচে দারুণ খেলবে বার্সা।’বার্সেলোনার প্রতি ভালোবাসা থেকেই শুধু নয়, নিজের ধারণার পক্ষে যুক্তিও আছে ক্রুইফের, ‘রিয়াল মাদ্রিদ আর চেলসির বিপক্ষে দুটো হারের তুলনা করা ঠিক হবে না। লন্ডনে বার্সা অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। আর মাদ্রিদের বিপক্ষে তেমন কোনো পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি। ছোটখাটো ব্যাপারগুলোও ঠিকঠাক হয়নি। চেলসির বিপক্ষে ফিরতি ম্যাচেও প্রচুর সুযোগ সৃষ্টি করবে বার্সা। আমার মনে হয়, এবার আর জাল খুঁজে পেতে সমস্যা হবে না।’ ওয়েবসাইট।