বার্সেলোনা ৪: এসি মিলান ০সামগ্রিক ফলে ৪-২-এ জিতে শেষ আটে বার্সাকোত্থেকে শুরু করা যায়? এ যেন এক মহাকাব্য, যার পরতে পরতে বীররস। যেখান থেকেই পড়ুন, ভালো লাগবেই। টাইব্রেকারে নিয়ে যেতে হলে বার্সেলোনাকে ২ গোল করতেই হতো। বার্সেলোনা ২ গোল করল। সরাসরি জয় পেতে বার্সাকে ৩ গোল করতে হতো। বার্সা ৩ গোলই করল। হুট করে একটা গোল খেয়ে বসলে বার্সাকে করতে হতো ৪ গোল। ১ গোল খেয়ে বসার ভয়ের মেঘ তাড়িয়ে বার্সা করল ৪ গোল। এসি মিলান, সাতবারের ইউরোপ চ্যাম্পিয়ন, তাদের চেয়ে বেশি এই মুকুট পরেছে আর কেবল রিয়াল মাদ্রিদ; সেই মিলানকে ফুটবলীয় ধারাপাতের প্রথম পাঠ শিখিয়ে বার্সেলোনা উঠে গেল শেষ আটে। মেসি করলেন জোড়া গোল।মাত্রই কিছুদিন আগে চার ম্যাচের তিনটিতেই হেরে বসা, রিয়ালের কাছে পাঁচ দিনের ব্যবধানে দু-দুবার হারা এই বার্সা অবিশ্বাস্য। এই বার্সা বিধ্বংসী কিন্তু শিল্পিত। এই বার্সা জাদুকরি। যখনই ‘টিকি-টাকা’ দর্শন প্রশ্নবিদ্ধ হয়, বার্সা যেন সেই মন্দিরে গিয়ে আরও কঠিন ধ্যানমগ্ন প্রার্থনায় বসে। কয়েক ম্যাচের ব্যর্থতাতেই পাসিং ফুটবল নিয়ে উঠে যাওয়া প্রশ্নটাকে আরও একবার টিকি-টাকার ধূপগন্ধে পবিত্র করল দৃশ্যত কোচবিহীন এই দল!প্রশ্ন উঠেছিল আরও একজনকে নিয়ে। টানা চার মৌসুমে পঞ্চাশের গোলের কোঠা ছুঁয়েও নিস্তার নেই। সব প্রশ্নের উত্তর দিতে মাত্র পাঁচ মিনিট সময় নিলেন লিওনেল মেসি। মিলান বক্সের সীমানায় ঘিরে ধরা পাঁচ ডিফেন্ডারের পায়ের জঙ্গলের মধ্যে যে অবিশ্বাস্য শটটি নিলেন, সেটার ফুটবলীয় ব্যাখ্যা দেওয়া কঠিন। কঠিন বলেই মিলান গোলরক্ষক আবিয়াতি কিছু বুঝে ওঠার আগেই দেখলেন জালের মধ্যে লুটোপুটি খাচ্ছে বল। সাম্প্রতিক ব্যর্থতা, ছন্দহীনতা, মিলান সমীকরণ মেলানোর পাহাড় চাপ, একটা গোল খেয়ে বসলেই ম্যাচটা জিততে হবে ৪-১—এই অবিশ্বাস্য মানসিক বাধা সঙ্গী করে মাঠে নামা এক ম্যাচের শুরুটা যেমন হওয়া দরকার, মেসির সৌজন্যে বার্সা পেয়ে গেল তার চেয়েও ভালো শুরু। ম্যাচে আর মিলানকে দাঁড়াতেই দিল না। নিশ্চিত পেনাল্টির বাঁশি রেফারি বাজালে, ইনিয়েস্তার ভলি আবিয়াতির হাতে লেগে ক্রসবারে প্রতিহত না এলে, সেই ফিরতি বলে গজ খানেক দূরের হেড থেকে মেসি গোলটা মিস না করলে ১২ মিনিটেই হয়ে যায় ৩-০!সেটা হয়নি। তবে মিলানের আত্মবিশ্বাস তখন পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো। অ্যালেগ্রির ট্রায়াঙ্গল রক্ষণ কৌশল অকার্যকর। বাড়তি মিডফিল্ডার বাড়িয়ে মাঝমাঠের দখল নিজেদের মুঠোয় রাখার আশাতেও গুড়ে বালি। ফলাফল, ২৫ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে সরে মিলানের রক্ষণে সাত-সাতজন খেলোয়াড়! এক গোলের অগ্রগামিতা ধরে রাখার জন্য মরিয়া। কোনো সুযোগে ত্বরিত পাল্টা-আক্রমণ থেকে বার্সার জালে একটা গোল ঢুকিয়ে দেওয়ার জন্য সুযোগসন্ধানী। সেই সুযোগ মিলান পেয়েও গিয়েছিল। ৩৮ মিনিটে নিয়াংয়ের শটটা বাঁ পোস্টে লেগে ফিরে আসে। ওই গোলটা হয়ে গেলে ম্যাচের ফল কী হতো বলা মুশকিল। ভাগ্য ভালো গোলটা হয়নি। যেমন অবিশ্বাস্য খেলেছে বার্সা, তাতে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া তাদের প্রাপ্য ছিল না। কিছুতেই না।৩৮ মিনিটের সেই আতঙ্ক যাতে চেপে না বসে, মেসি যেন সেটাই চাইছিলেন। এক মিনিটের মধ্যে প্রথম গোলটির প্রায় সহোদরা গোলটিকে ভূমিষ্ঠ করালেন। প্রথমার্ধ এই ২-০-ই। তবে বার্সা বুঝিয়ে দিয়েছিল, টাইব্রেকারের লটারিতে যাওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় পুরো ম্যাচে একটা সময়ের জন্যই জ্বলে উঠলেন ডেভিড ভিয়া। কিন্তু সেই একটা মুহূর্তও যে কী করে দিতে পারে! দারুণ ফিনিশিংয়ে ৩-০! তখনো মিলানের সুযোগ ছিল। একটা গোল পেলেই হয়! বদলি হিসেবে নামা রবিনহো সেই একটা গোল এনেই দিচ্ছিলেন। বক্সের মধ্যে একটু ওদিকে-ওদিক হলেই পেনাল্টি এমন এক ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী স্লাইডিং ট্যাকলে রবিনহোকে আটকেছেন জর্ডি আলবা। শুধু তা-ই নয়, শেষ মুহূর্তে পাল্টা-আক্রমণে ৪-০ করে দেওয়াটাও তাঁরই সৌজন্যে!অন্য ম্যাচেও নাটক জমেছে বেশ। শেষ পর্যন্ত শালকেকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে গ্যালাতাসারাই।