বার্সায় খেললে রোনালদো দিতেন মৌসুম প্রতি ১২০ গোল!

ক্রিস্টিয়ানো রোনালদো যদি বার্সায় খেলতেন, তাঁর নাকি গোল হতো মৌসুমে প্রতি অন্তত ১২০টি! শত্রু শিবিরে খেলার খায়েস হয়েছে নাকি সিআর সেভেনের? আসলে রোনালদো কিংবা অন্য কোন ফুটবলার নয়, মন্তব্যটি করেছেন ‘সুপার এজেন্ট’ হোর্হে মেন্ডেস! তিনি বলেন,‘রোনালদো যদি বার্সায় খেলতো, তবে প্রতি মৌসুমে অন্তত ১২০ গোল করতো!’ মেন্ডেস কেন এমন মন্তব্য করলেন তাঁর ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি!
বার্সায় খেলার ইচ্ছে না থাকলেও মরিনহোর অধীনে আবারো খেলতে ভীষণ আগ্রহী ক্রিস্টিয়ানো রোনালদো! রিয়াল অন্ত:প্রাণ রোনালদো কি তবে মাদ্রিদ ছাড়ছেন? না, তা নয়। তবে কী হোসে মরিনহো শিগগির পুরোনো ডেরায় ফিরছেন? সেটিও নয়। তাহলে বিষয়টি কী?
আসলে একজন ভালো মানুষ কিংবা খেলোয়াড় হতে হলে কিছু গুণ থাকা বাঞ্ছনীয়। এর মধ্যে সবার আগে আসবে ‘গুরুভক্তি’। গুরু, সে হোক বর্তমান কিংবা অতীতের; তাঁর প্রতি শতভাগ শ্রদ্ধা-ভালোবাসা না থাকলে দীক্ষার পরিপূর্ণ প্রয়োগ কখনোই সম্ভব নয়। পর্তুগিজ উইঙ্গার হয়তো ভালোভাবেই অনুধাবন করেন ধ্রুব সত্যটি।
তাই তিনি বলেন, ‘মরিনহোর অধীনে আবার খেলতে চাই। এমনকি আমার কোচ ছিল এমন কয়েকজন, যেমন—স্যার অ্যালেক্স ফার্গুসন, পেলেগ্রিনি এবং বোলোনির সঙ্গেও কাজ করতে চাই। ওনাদের সবার কাছ থেকে অনেক শিখেছি।’ এ কারণে সিআর সেভেন আশাবাদী, ভবিষ্যতে আবার হয়তো গুরু মরিনহোর স্নেহে সিক্ত হবেন তিনি। ক’দিন আগে বলেছিলেন, ‘ফার্গুস আমার বাবার মতো!’ ফলে গুরুদের প্রতি রিয়াল ফরোয়ার্ডের শ্রদ্ধা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সামান্যই।
দেশ ও ক্লাব উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য ফর্মে রয়েছেন রোনালদো। তাঁর একক নৈপুণ্যে নাটকীয়ভাবে পর্তুগাল ঠাঁই করে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপে। এ বছর সব মিলিয়ে করেছেন ৬০ ম্যাচে ৬৯ গোল। স্বাভাবিক তাঁর প্রতি প্রত্যাশা ও চাপও সবচেয়ে বেশি। পর্বতপ্রমাণ এ ‘চাপ’ কেমন লাগে রোনালদোর?
মজার ব্যাপার হলো, রিয়াল তারকার নাকি এই চাপটা বড়ই ভালো লাগে! তিনি বলেন, ‘যেটাই করুন সেটিতে গর্বিত হতে হবে। যাই করুন সেটা ফোকাস করতে হবে। কখনো কখনো চাপে থাকতে ভালো লাগে! সবসময় লক্ষ্য পূরণ সহজ নয়। জানি এটা করা খুবই কঠিন। তবে চেষ্টা করি। যদি চেষ্টা না করা হয়, তবে কিছুতেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।’ সূত্র: ওয়েবসাইট