বার্সায় চুক্তি বাড়াতে চান মাচেরানো
চুক্তির মেয়াদ আছে ২০১৪ সাল পর্যন্ত। তবে তা আরও দুই বছর বাড়িয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ২০১৬ সাল পর্যন্ত থাকতে আগ্রহী আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো।এক সাক্ষাত্কারে মাচেরানো বলেন, ‘নতুন চুক্তির অপেক্ষায় আছি। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে তা হয়ে যাবে। আমি খুশি। আরও অনেক বছর বার্সায় খেলা চালিয়ে যেতে চাই।’ ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেন মাচেরানো। এরপর যোগ দেন বার্সেলোনায়। বার্সায় খেলা প্রসঙ্গে ২৮ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি অনেকের আস্থা অর্জন করেছি। সেই আস্থাটা ধরে রাখতে চাই।’বার্সোলোনায় নিজের পছন্দের ‘পজিশন’ সম্পর্কে মাচেরানো বলেন, ‘মিডফিল্ডারের চেয়ে এখানে কেন্দ্রীয় ডিফেন্ডার হিসেবে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। কিন্তু যেখানে বলা হবে, সেখানেই খেলতে প্রস্তুত আছি।’গোল ডটকমের খবরে বলা হয়েছে, এবারের ফিফা ব্যালন ডি অ’র পুরস্কারের দৌড়ে বার্সেলোনার খেলোয়াড়ই আছেন তিনজন—লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এই তিনজনের মধ্যে স্বদেশি মেসিকেই এগিয়ে রেখেছেন মাচেরানো, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, ফিফা ব্যালন ডি অ’র পারফরম্যান্সের ব্যাপার। তবে জাভি ও ইনিয়েস্তার চেয়ে মেসিকেই এগিয়ে রাখব আমি।’