বার্সায় ফিরতে চান তোরে
সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। যুক্তরাজ্যের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ আজ এ খবর দিয়েছে।বার্সার হয়ে তিন বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তোরের। ২০০৭ সালের আগস্ট মাসে বার্সায় যোগ দেন তোরে। ২০১০ সালের জুনে বার্সা ছেড়ে সিটিতে যোগ দেন আইভরিকোস্ট জাতীয় দলের এই তারকা ফুটবলার।‘দুই বছর আগেও আমি বলেছি, একদিন না একদিন বার্সায় ফিরে যাব। এটাই আমার পছন্দের ক্লাব। বার্সা ডাকলে সেখানে যাওয়া নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা করব না। আমি বার্সেলোনাকে ভালোবাসি’—স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে বলেছেন তোরে।২৮ বছর বয়সী তোরে বলেন, ‘বার্সা ছেড়ে যাওয়ার সময় সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম, আগামীকাল কী ঘটবে, তা কেউ জানে না। বার্সার হয়ে খেলা ছিল আমার স্বপ্ন। এখানে খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি ঘটাতে চাই আমি। যদি ফিরতে পারি, সেটা দারুণ হবে।’বার্সাকে বিদায় বলে দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। মৌসুম শেষ হলেই দায়িত্ব নেবেন তাঁর সহকারী টিটো ভিলোনোভা। তোরের বিশ্বাস, গার্দিওলা না থাকলেও সফলতার রাস্তা ধরেই এগিয়ে যাবেন স্প্যানিশ জায়ান্টরা।টিটোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তোরে বলেন, ‘টিটোকে আমি বেশ ভালো করেই চিনি। আমার মনে হয়, পেপের দর্শন মেনেই কাজ করবেন তিনি। ব্যক্তি হিসেবে টিটো অসাধারণ। আমি মনে করি, কোচ হিসেবেও সফল হবেন তিনি।’