বার্সায় ফিরবেন গার্দিওলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা জিততে থাকা একটি দলকে একসময় আত্মতুষ্টিতে পেয়ে বসা বিচিত্র নয়। বায়ার্ন মিউনিখের এখন হয়েছে সেই হাল। সাত ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগা জিতে রেকর্ড করেছে বায়ার্ন। কিন্তু এরপর হঠাত্ যেন পথ হারিয়ে ফেলেছে, গত ছয়টি ম্যাচে জয় এসেছে মাত্র দুটিতে।
কিন্তু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা এমন ঢিমেতালে চলতে শুরু করল কেন? ফ্রাঙ্ক রিবেরির কাঠগড়ায় ওই আত্মতুষ্টিই, ‘সম্ভবত আমরা একটু তাড়াতাড়িই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম। আমাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে সে কারণেই।’ বায়ার্নের ফ্রেঞ্চ উইঙ্গার দায় দেখছেন ক্লান্তিরও, ‘আমরা তো যন্ত্র নই, আমরাও মানুষ। আমরাও ক্লান্ত হই। সবাই তো মাঠে নেমে সব ম্যাচই জিততে চায়। কিন্তু সেটা সম্ভব হয় না। আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা বায়ার্ন, সে কারণেই আমাদের সব ম্যাচ জিততে হবে।’
সমালোচনার সুরটা আসলে উঠেছে বায়ার্ন বলেই। নয়তো এর মধ্যেই বুন্দেসলিগা জিতে ফেলা ও জার্মান কাপ-চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় থাকা ক্লাবকে নিয়ে ‘গেল, গেল’ রব তোলার কারণ নেই। পেপ গার্দিওলা সেটা বিলক্ষণ জানেন। তার পরও হার তো হারই। বায়ার্ন কোচ দায় নিতেও প্রস্তুত, ‘আমাকে তো সমালোচনা মেনে নিতেই হবে। আমি নিজেকে বলি, পেপ, শান্ত হও। তুমি এখানে এসেছ যত বেশি সম্ভব কাজ করার জন্য। আমার সেরা প্রতিভাই হচ্ছে কাজ, কাজ ও কাজ। আমি এখানে এসেছি ক্লাবকে সাহায্য করতে। কিন্তু ক্লাব যদি আমাকে না চায়, তাহলে হাত মিলিয়েই আমি চলে যাব। সেটা কোনো সমস্যা নয়।’
গার্দিওলা অবশ্য হালকাভাবেই কথাগুলো বলেছেন। তবে রিয়ালের কাছে কোপা ডেল রের পরাজয়ের পর ইয়োহান ক্রুইফের কথাটা মেলালে কিন্তু অন্য কিছুর আভাস মেলে। বার্সার ডাচ কিংবদন্তি তো বলেই দিয়েছিলেন, একমাত্র গার্দিওলা ফিরে এলেই ডুবন্ত বার্সাকে ভাসিয়ে রাখতে পারবেন। দুইয়ে দুইয়ে কি চার মেলানো যায়? তাহলে কি এক মৌসুম পরই বায়ার্নকে ছেড়ে পুরোনো ঠিকানা ন্যু ক্যাম্পে ফিরবেন গার্দিওলা? ওয়েবসাইট।