বার্সায় ফিরল মেসি-ভিয়া জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার স্বরূপে বার্সেলোনা। তার পরও বার্সা-অর্কেস্ট্রায় কোনো একটা অনুষঙ্গের অভাবটা টের পাওয়া যাচ্ছিল। সবকিছুই ভালো, তার পরও কী যেন নেই! গত পরশুর ম্যাচের পর সেই অতৃপ্তিটাও হয়তো দূর হয়ে গেল বার্সার ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরার। মেসি-ভিয়ার চোখ জুড়ানো যুগলবন্দী যে আবার ফিরে এসেছে! রায়ো ভায়েকানোর বিপক্ষে তিনটি গোলই এই দুজনের কীর্তিধন্য। মেসির বানিয়ে দেওয়া বলে প্রথম গোল করেছেন ভিয়া। বাকি দুটি গোলে উল্টে গেছে দুজনের ভূমিকা। ভিয়া কারিগর, মেসি গোল করেছেন। ভিয়া তাই উচ্ছ্বসিত, ‘আমার ও মেসির মধ্যে তিনটি গোল ছিল। ওর সঙ্গে গোলগুলোতে অবদান রাখতে পেরে আমি খুশি।’সেই ‘পুরনো’ ভিয়া ফিরেছেন, এখনই হয়তো বলাটা বাড়াবাড়ি। তবে গত সাত ম্যাচে চার গোল করে জানান দিয়েছেন, বিধ্বংসী সেই ভিয়াই আস্তে আস্তে জেগে উঠছেন। আর মৌসুমে এই প্রথম টানা চার ম্যাচে খেললেন প্রথম একাদশে, এটাও একটা ব্যাপার। কোচ যে তাঁর ওপর আস্থা ফিরে পেয়েছেন সেটা পরিষ্কার। একসময় গুঞ্জন ছিল মেসি-ভিয়ার সম্পর্কটা শীতল। পরশুর ম্যাচ ওটাকে গুঞ্জন বলেই উড়িয়ে দেবে। জর্ডি রৌরাই এ ব্যাপারে মুখ খুলেছেন ম্যাচের পর, ‘মানুষ সব সময়ই এটা বলেছে। কিন্তু আমার কাছে এটা হাস্যকর বলে মনে হয়। তাঁদের সম্পর্ক বেশ ভালো, আগে যেমন ছিল তেমনটাই। আর আমি সব সময় বলে আসছি, ভিয়া আমাদের জন্য খুবই মূল্যবান খেলোয়াড়, তার সময় আসবে।’ একসময় মনে হচ্ছিল, বার্সা অধ্যায় শেষ হয়ে গেছে ভিয়ার জন্য। পা ভেঙে মাঠের বাইরে ছিলেন আট মাস। ফিরেছেন এই মৌসুমেই। গুজব ছিল, সামনের বছর চুক্তি শেষ হয়ে গেলে বার্সা তাঁকে ছেড়ে দিতে পারে। এখন শোনা যাচ্ছে, ভিয়াকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সা। ওয়েবসাইট।