বার্সায় মুগ্ধ রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সেরার আলোচনায় ক্রমেই ভারী হচ্ছে বার্সেলোনার পাল্লা। অন্য অনেকের সঙ্গে সুর মিলিয়ে রোনালদোও বলছেন, তাঁর দেখা ক্লাব দলের মধ্যে বর্তমান বার্সেলোনা অন্যতম সেরা।বর্ণাঢ্য ক্যারিয়ারে সাবেক ব্রাজিলিয়ান তারকা একটা বছর কাটিয়েছেন ন্যু ক্যাম্পে। ১৯৯৬-৯৭ মৌসুমে কাতালন ক্লাবটিতেই রোনালদো তৎকালীন বিশ্বে সবচেয়ে রোমাঞ্চকর তরুণ স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। কিন্তু রোনালদো পরিষ্কার জানিয়ে দিলেন, লস ব্ল্যাঙ্কোসই (রিয়াল মাদ্রিদ) তাঁর প্রেম, তাঁর ভালোবাসা। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। এখনো নিজেকে রিয়ালের একজন সমর্থকই ভাবেন।আর রিয়ালের সমর্থক হিসেবে শত্রুপক্ষ বার্সেলোনার প্রশংসায় মেতে ওঠাটা রোনালদোর জন্য যন্ত্রণার! কেননা, রিয়ালের ওপর বার্সাকে রাখাটা তাঁর জন্য কঠিনই। এটা স্বীকার করেও রোনালদো বলছেন, বর্তমান বার্সেলোনা তাঁর দেখা অন্যতম সেরা দল, ‘আমি রিয়ালের সমর্থক। মাদ্রিদ যেভাবে খেলে, আমি সত্যিই সেটা পছন্দ করি। কিন্তু আপনি বার্সেলোনাকে উপেক্ষা করতে পারবেন না, যাদের অসাধারণ একটি দল আছে।’ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলছেন, ‘তাদের (বার্সা) খেলা হয়তো খুব বেশি আকর্ষণীয় নয়। তারা সবকিছুই খুব সাধারণভাবে করে। দলের প্রত্যেক খেলোয়াড়ই তাদের জায়গা সম্পর্কে সচেতন।’ ওয়েবসাইট।আর কোচ গার্দিওলাকেই অপ্রতিরোধ্য বার্সার কারিগর মানছেন ৩৫ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি, ‘অসাধারণ কাজ করে গার্দিওলা দলটাকে দীপ্তিময় করে তুলেছে। আমার ৩৫ বছরের এই জীবনে দেখা বার্সা অন্যতম সেরা দল। মাদ্রিদের সমর্থক হিসেবে এটা বলাটা কষ্টেরই। তবে আমি মনে করি, এই বছরে আমরা তাদের হতাশ করে কয়েকটা শিরোপা জিতব।’ পরের কথাটিতেই রোনালদো বুঝিয়ে দিয়েছেন এখনো রিয়ালের ঘরের একজনই মনে করেন নিজেকে।মেসি-জাভিদের বার্সেলোনার জয়গান গাইতে গিয়ে রোনালদো করেছেন একটি ভবিষ্যদ্বাণীও, ঘরের মাটিতে ২০১৪ বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল। তবে দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে হলে মানো মেনেজেসের দলকে আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করেন রোনালদো। নেইমার-পাতো-গানসো ব্রাজিলের এই তরুণ ত্রয়ীর ওপর অগাধ আস্থা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। ১৯ বছর বয়সী নেইমারই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখতে পারেন—বলছেন রোনালদো।