ন্যু ক্যাম্পে গর্জনটা তখনো মিইয়ে যায়নি। কিন্তু গর্জনের অলক্ষে আশঙ্কার চাপা একটা স্রোতও বয়ে যাচ্ছে। খেলার মাত্র ২০ মিনিট বাকি। অথচ স্পার্তাক মস্কো বার্সেলোনাকে তাদেরই মাঠে হারিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর। স্কোরলাইন ২-১। বার্সাই পিছিয়ে! ভিলানোভা-শিষ্যদের যাবতীয় প্রচেষ্টা গিয়ে হোঁচট খাচ্ছে মস্কোর রক্ষণে। ঠিক সেই সময় পরিত্রাতা হিসেবে আবির্ভূত হলেন তিনি। ‘মেসি’ থেকে হয়ে গেলেন ‘মেসাইয়া’। ৭১ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে করা ক্রিস্টিয়ান তেয়োর ক্রসে ট্যাপ করে ২-২ সমতা ফেরালেন। সতীর্থরা ছুটে এলেন তাঁকে আলিঙ্গনে বাঁধতে। কিন্তু মেসি বুঝিয়ে দিলেন, উদ্যাপন করে এক মিনিট নষ্ট করার ইচ্ছা তাঁর নেই।তবু কোচ ভিলানোভার বুকে অস্বস্তির কাঁটাটা ছিলই। সেটাই মেসি উপড়ে ফেললেন ৮০ মিনিটে। এবারও ক্রস। তবে এল ডান দিক থেকে। তেয়োর বদলে করলেন অ্যালেক্সিস সানচেজ। এবার আর ট্যাপ করলেন না, বিরল হেড। ৩-২! প্রথম গোলের পর খাতায় বকেয়া রাখা উদ্যাপনটা সেরে নিলেন এই বেলা। সব দ্বিধা ঝেড়ে ফেলে ন্যু ক্যাম্পে তখন ‘মেসি মেসি’ গর্জন। আগের দিন একদম শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি যেন তারই ‘জবাব’ দিলেন। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে: ‘লিওনেল মেসি প্রমাণ করেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো যা করতে পারেন, তিনি পারেন তারও চেয়ে ভালো কিছু করতে।’ন্যু ক্যাম্পে বার্সার জয়টা প্রাপ্য ছিল। একের পর এক আক্রমণ শাণিয়ে গেছে বার্সা। কিন্তু তাদের রক্ষণ ভাগে ছিল বজ্র আঁটুনি। প্রথম গোলটি পেতে অবশ্য বার্সাকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। ১৬ মিনিটেই ১-০ করে ফেলেছিলেন তেয়ো। তখন মনে হচ্ছিল, স্পার্তাক মস্কোর কপালে মস্ত মড় বিপদ আছে। কিন্তু পাল্টা আক্রমণ থেকে ১-১ করে ফেলল তারাই। করেছেন অবশ্য দানি আলভেজ! ২৯ মিনিটে ইমানুয়েল এমেনিকের ক্রস নিজের জালেই ঢুকিয়ে দেন বার্সা ফুলব্যাক। বিপদ আরও বেড়ে যায়, যখন দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় আরেকটি পাল্টা আক্রমণ থেকে ১-২ করে ফেলেন রোমুলো। এর পরই দলকে উদ্ধার করেন মেসাইয়া মেসি।চার মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতার পুরস্কারটিকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা মেসি ম্যাচ শেষে বলেছেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল বটে, কিন্তু ম্যাচটাও অনেক কঠিন ছিল। প্রতিপক্ষ এত রক্ষণাত্মক খেললে আপনি জায়গা পাবেন খুব কম। কাজটা সহজ নয়। তা ছাড়া ওরা ওদের পেনাল্টি অঞ্চলটায় ভালো রক্ষণও করছিল। ওদের ফরোয়ার্ডরাও পাল্টা আক্রমণে গতিশীল। আমাদের জন্য পরিস্থিতি তাই জটিল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা চাপ ধরে রেখে ফলটা আমাদের পক্ষে আনতে পেরেছি।’ এএফপি, রয়টার্স।