বার্সায় যাচ্ছেন না মুলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি গিয়েছিলেন বেড়াতে। দিব্যি বার্সেলোনায় ঘুরেছেন, রেস্তোরাঁয় স্প্যানিশ খাবার চেখে দেখেছেন, কেনাকাটা করেছেন। জার্মানিতে ফিরে গিয়ে শোনেন—বার্সেলোনার সঙ্গে নাকি তাঁর কথাবার্তা চলছে। বায়ার্ন মিউনিখ ছেড়ে নাকি টমাস মুলার যোগ দিতে চাইছেন মেসি-নেইমারদের দলে!
গত সপ্তাহে মুলারের স্পেন ভ্রমণের পর থেকেই জার্মানি ও স্পেনের সংবাদমাধ্যমে এই গুঞ্জন। খুব স্বাভাবিকভাবেই এটাকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দিতে দ্বিধা করেননি জার্মান ফরোয়ার্ড, ‘আমি বার্সেলোনায় ঘুরতে গিয়েছিলাম সত্যি। কিন্তু আমার সঙ্গে বার্সার কোনো প্রতিনিধির কোনো ধরনের কথাবার্তা হয়নি। যারা আমাকে চেনে তারা সবাই জানে, বায়ার্ন মিউনিখই আমার ঘর।’ শিষ্য ক্লাব বদল করছেন না, এটা নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও, ‘আমি শতভাগ নিশ্চিত যে সে আমাদের এখানেই থাকছে। ওর ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।’
মুলার বার্সেলোনায় যাচ্ছেন না। কিন্তু আরেক তরুণ ফুটবলার রিয়াল মাদ্রিদের ইসকোর নাকি একসময় প্রবল ইচ্ছে ছিল বার্সেলোনায় খেলবেন। সাবেক মালাগা তারকা ছোটবেলায় রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি বার্সাভক্ত ছিলেন। তবে সেখানে গেলে তাঁকে কাতালান ভাষাও শিখতে হবে, এই ভয়ে ইসকো বার্সার বদলে সায় দিয়েছেন রিয়ালের প্রস্তাবে! এএফপি।