বার্সায় শুরু, বার্সাতেই শেষ জাভির
ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন জাভি হার্নান্দেজ। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তির দ্বারপ্রান্তে এই স্প্যানিশ তারকা। গতকাল বৃহস্পতিবার খবরটা জানিয়েছেন জাভি নিজে।বার্সার যুব একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় জাভি। বার্সায় যোগ দিয়েছিলেন সেই ১১ বছর বয়সে। আগামী মাসে তিনি ৩৩ বছরে পা দেবেন। বার্সার হয়ে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে খেলে যাওয়া জাভি জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে থেকেই ফুটবল ক্যারিয়ার শেষ করবেন তিনি।‘চুক্তিতে পৌঁছাতে বেশি সময় লাগবে না। বলতে গেলে এখন শুধু স্বাক্ষর করা বাকি। বার্সায় ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে।’ গতকাল অনুশীলন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেছেন জাভি।জাভি জানিয়েছেন, ২০১৬ সালে ক্লাব ফুটবলকে বিদায় জানাবেন তিনি। চুক্তিটা হচ্ছে ওই পর্যন্তই। স্প্যানিশ এই মিডফিল্ডার বলেন, ‘এখানেই শেষ করতে পারছি বলে আমি আনন্দিত। যদি এখানে ৩৬ বছর বয়স পর্যন্ত খেলতে পারি, এটা হবে আমার কাছে বড় পাওয়া। আমি শুধু ২০১৬ সাল পর্যন্ত নিজেকে উপভোগ করতে চাই।’বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড় জাভি। তাঁকে সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। বার্সার ২০টি শিরোপা জয়ে অবদান রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা শিরোপা।সাম্প্রতিক সময়ে স্পেন জাতীয় দলের ঈর্ষণীয় সফলতার মূলেও আছেন জাভি। ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয় এবং ২০১০ সালের বিশ্বকাপ জয়ে অনন্য ভূমিকা রাখেন তিনি।