বার্সেলোনা অজেয় নয়: কাকা
এটা অনেকেই বলেছেন, বার্সেলোনা অজেয় দল নয়। এতে নতুনত্ব কিছু নেই। তবে বক্তার নামের কারণে তা পেয়ে যাচ্ছে বাড়তি গুরুত্ব। বক্তা যে কাকা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন, বার্সেলোনা মোটেই অজেয় নয়, তাদেরও হারানো সম্ভব এবং হারেও। কাকা এ বছরের কোপা ডেল রের ফাইনালকেই টেনেছেন উদাহরণ হিসেবে।শুধু তা-ই নয়, লিওনেল মেসিকেও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে রাখতে রাজি নন কাকা। রিয়ালের ব্রাজিলিয়ান তারকার দৃষ্টিতে বরং মেসির চেয়ে রোনালদোই বেশি সম্পূর্ণ খেলোয়াড়!বার্সেলোনার শ্রেষ্ঠত্বের জয়গান চলছে অনেক দিন ধরেই। তবে গত এল ক্লাসিকোর পর আলোচনাটা পেয়েছে নতুন মাত্রা। মৌসুমের প্রথম এই এল ক্লাসিকোর আগে হোসে মরিনহোর রিয়াল ছিল দুর্দান্ত ফর্মে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ জয়ের অহংকার নিয়ে তারা খেলতে নেমেছিল ওই ম্যাচে। অন্যদিকে বার্সেলোনার যেন যাচ্ছিল কিছুটা দুঃসময়। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় চাপেও ছিল। ম্যাচটিও ছিল রিয়ালের মাঠ বার্নাব্যুতে। তাতে ৩-১ গোলে জিতেই লিগ শিরোপা দৌড়ে ফিরে আসে বার্সেলোনা। স্প্যানিশ লিগে রিয়াল সর্বশেষ বার্সেলোনাকে হারিয়েছে ২০০৮-এর ডিসেম্বরে। তার পরের সাত ম্যাচের ৬টিতেই জিতেছে বার্সেলোনা, বাকি ম্যাচটি হয়েছে ড্র। তবে কি রিয়ালের কাছে বার্সেলোনা অজেয়?কিন্তু কাকার তা মানতে আপত্তি, ‘বার্সেলোনা অজেয় নয়। আমরা তাদের বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল জিতেছি এবং তাদের বিপক্ষে দারুণ লড়াই করেছি।’ ‘অজেয়’ না মানলেও, কাকা এটা স্বীকার করছেন, যতগুলো দলের বিপক্ষে তিনি খেলেছেন, তার মধ্যে বর্তমান বার্সেলোনা দলটিই সেরা, ‘আমি সেটাই মনে করি। কারণ তারা দীর্ঘদিন ধরে একটা সংঘবদ্ধ দল হিসেবে খেলছে। আর বর্তমানে মেসির আত্মবিশ্বাসও আকাশছোঁয়া।’মেসি-রোনালদো তুলনা প্রসঙ্গে ২৯ বছর বয়সী মিডফিল্ডারের কথা, ‘এখনকার রোনালদো খুবই উঁচুমানের খেলোয়াড়। বলতে পারেন, সে সম্পূর্ণ এক খেলোয়াড়। মেসিরও নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু ক্রিস্টিয়ানো সম্পূর্ণ। সে বাঁ-ডান দুই পায়েই শট নিতে পারে। হেড এবং ফ্রি-কিকেও ভালো।’ ওয়েবসাইট।