বার্সেলোনা এখনো বিশ্বসেরা: বিয়েলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগা হাতছাড়া। বার্সেলোনার টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন মাটি-চাপা দিয়ে স্পেন-সেরার মুকুট পরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই ওঠা হয়নি। প্রথমবারের মতো ইউরোপ-সেরার মর্যাদা পেয়েছে চেলসি। মৌসুমের শীর্ষ দুটি প্রতিযোগিতার কোনোটাই ঘরে তুলতে না পারলেও বার্সেলোনাকে এখনো বিশ্বের সেরা ক্লাব হিসেবে দেখেন অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ মার্সেলো বিয়েলসা।কোপা ডেল রে’র ফাইনালে আজ বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা। এ ম্যাচ দিয়েই স্প্যানিশ জায়ান্টদের বিদায় জানাবেন কোচ পেপ গার্দিওলা। মৌসুমের শেষ প্রতিযোগিতার শিরোপা-নির্ধারণী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ বার্সাকেই ‘বিশ্বসেরা’ বলে রায় দিলেন বিয়েলসা, ‘বার্সেলোনা এখনো বিশ্বের সেরা ক্লাব। তাই ফাইনালে জিততে হলে সামর্থ্যের পুরোটাই মাঠে ঢেলে দিতে হবে আমাদের ফুটবলারদের।’ বিয়েলসা মনে করেন, বার্সেলোনা বেশির ভাগ সময় অপ্রতিরোধ্য হয়ে ওঠার কারণ লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই কোচ স্বীকার করেন, এ ম্যাচে বিলবাওয়ের সামনে সবচেয়ে বড় বাধা আর্জেন্টাইন জাদুকর মেসি।বিয়েলসা বলেন, ‘বার্সেলোনার সব সমস্যার সমাধান দেওয়ার সামর্থ্য লিওনেল মেসির রয়েছে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওকে আটকে রাখার, মেসি যেন আমাদেরকে হারাতে না পারে।’গোল ডটকমের খবরে বলা হয়েছে, আজকের ম্যাচে নিয়মিত গোলরক্ষক ভিক্টর ভালদেসকে না-ও পেতে পারে বার্সেলোনা। তাঁর জায়গায় খেলতে পারেন হোসে পিন্টো। তবে এটিকে মোটেও বার্সার দুর্বল দিক বলে মনে করেন না বিয়েলসা, ‘বার্সেলোনার মতো ক্লাবের কেবল একজন শীর্ষ গোলরক্ষক থাকে না। ভালদেস ও পিন্টোর মধ্যে কোনো পার্থক্য দেখি না আমি।’