বার্সেলোনা ছাড়ছেন পেপ গার্দিওলা
রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকো হারার পর স্প্যানিশ লিগ শিরোপাটা প্রায় হাতছাড়াই হয়ে গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও চেলসির কাছে হারের স্বাদ পেতে হয়েছে গতবারের শিরোপাজয়ীদের। সব মিলিয়ে সময়টা একটু হতাশাজনকই কাটছে কাতালানদের। এর মধ্যেই আরও একটা দুঃসংবাদের মুখোমুখি হতে হলো বার্সা সমর্থকদের। এই মৌসুমের শেষেই হয়তো বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন ক্লাবটির সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনার বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এ সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।গতকালই গার্দিওলা, ক্লাবের সভাপতি সান্দ্রো রোচেলকে এই ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন বলে জানিয়েছে বার্সেলোনার একটি সূত্র। আজ শুক্রবার অনুশীলনের সময় শিষ্যদের এই সিদ্ধান্তের কথা জানানোর কথা গার্দিওলার। গত সপ্তাহে নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ও চ্যাম্পিয়নস লিগের খেলায় চেলসির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারের পরপরই এ সিদ্ধান্ত নিলেন পেপ গার্দিওলা।পেশাদারি ফুটবল ক্যারিয়ারের অনেকটা সময়ই বার্সেলোনার সঙ্গেই কেটেছে গার্দিওলার। ২০০৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর চার মৌসুমে বার্সাকে ১৩টি শিরোপা এনে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। এর মধ্যে আছে টানা তিনটি স্প্যানিশ লিগ শিরোপা, দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ইউরোপিয়ান সুপার কাপ শিরোপা ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। তাঁর অধীনে বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলেছে, সেটাকে অনেকেই আখ্যায়িত করেছিলেন ভিনগ্রহের ফুটবল বলে।গার্দিওলার পর এখন বার্সেলোনার নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ মার্সেলো বিয়েলসা, বার্সার সাবেক ফুটবলার লুইস এনরিকে ও আর্নেস্তো ভালভারদে, চেলসির সাবেক কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস, ফরাসি কোচ লরেন্ত ব্লা। এমনকি এই তালিকায় আছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের কোচ ভিসেন্তে দেল বস্কও।—রয়টার্স