বার্সেলোনা ছাড়লেও গরুর রসিকতা ছাড়ছে না সেতিয়েনদের
পুড়িয়েছে বায়ার্ন মিউনিখ, এখনো যে নিভু নিভু আগুন আছে তাতে আলু পোড়া দিয়ে খাচ্ছেন অনেকে। বার্সেলোনার সাবেক কোচ কিকে সেতিয়েনের পরিবারের তা মোটেও পছন্দ হচ্ছে না।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলের হারে ভস্ম হয়েছে বার্সা। এরপর কোচের চাকরি হারিয়েছেন সেতিয়েন এবং ভস্মাধারের ক্ষত কমানোর জল আরও অনেক দূর গড়াবে বলেই মনে করা হচ্ছে। এদিকে সেতিয়েনের পরিবারের রক্ষা নেই। বাপ-ছেলে দুজনেরই গবাদিপশুর প্রতি টান যথেষ্ট। এ নিয়ে বেশ মজা করছেন সবাই। লারো সেতিয়েন এ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন।
ঘটনার পটভূমি আগে জেনে নেওয়া ভালো। কিকে সেতিয়েনের গবাদিপশুর প্রতি টান আজকের না। বার্সেলোনা কোচের নিজের একটি গবাদিপশুর খামারও আছে। কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার সময়ও নিজের গ্রামে মাঠে গরুদের মাঝে ছিলেন। সেতিয়েনের গরু-প্রেম এখানেই শেষ নয়। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের গরুদের তা দেখাতেও চেয়েছেন রিয়াল বেতিস ও লাস পালমাসের সাবেক এ কোচ, ‘দুটিই যদি জিততে পারি, তা হলে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগ জিতে লিয়েনক্রেসের মাঠে আমার গরু নিয়ে হাঁটতে চাই। আমার হাতে থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা। গরুর পালকে ট্রফিটা দেখাতে চাই আমি। এটা আমার স্বপ্ন।’
এ তো গেল সেতিয়েনের গরু-প্রেম। তাঁর ছেলে আবার এক কাঠি সরেস। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে একটু মজা করার লোভ সামলাতে পারেননি লারো সেতিয়েন। এর আগে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন স্প্যানিশ চতুর্থ বিভাগের এ ফুটবলার। এক পাল গরুকে লারো জিজ্ঞেস করছেন, বার্সা এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে কি না? এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন লারো। সেখানে তাঁর কল্পিত কথোপকথন প্রকাশ করেছে সংবাদমাধ্যম, ‘তোমরা কি মনে করো, আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারব? সব ঠিকঠাক আছে তো? পারব জিততে?’ ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা জানে এবং আমাকে বলেছে “হ্যাঁ”।’
কোয়ার্টার ফাইনালে বার্সার ভরাডুবির বাপ-বেটার গরু-প্রেম নিয়ে হাস্যরস হবে, এটা প্রত্যাশিতই ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে শুধু হাস্যরস হলেও সম্ভবত সহ্য করে যেতেন লারো। সংবাদমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ব্যক্তিগত আক্রমণও করেছেন অনেকে। এরপর নিজেকে আর ধরে রাখতে পারেননি সেন্ট অ্যান্ড্রুর এ মিডফিল্ডার। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গরুদের নিয়ে যারা জানতে চাচ্ছেন...সেখানে কিছু গাভিও আছে, তাদের সমালোচনা করুন।’
বার্সেলোনার ক্লাব সেন্ট অ্যান্ড্রুতে খেলার আগে রেসিং সান্তেন্দর, কর্ডোবায় ছিলেন লারো। চতুর্থ বিভাগেরই দল ফরমেন্তাতে লারোর যোগ দেওয়া নিয়ে কথা হচ্ছে। সেখানে যোগ দিলে বার্সেলোনায় আর থাকবেন না অ্যান্ড্রুতে।