বার্সেলোনা যাওয়া নিয়ে সংশয়ে মাহফিজুররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত লন্ডন অলিম্পিকে সুযোগ পাওয়া পাঁচ বাংলাদেশি অ্যাথলেটের মধ্যে ব্যতিক্রম ছিলেন শুধু তিনি। ওয়াইল্ড কার্ড নয়, সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) যোগ্যতা দিয়েই সুযোগ করে নিয়েছিলেন অলিম্পিকে। ২০১১ সালে সাংহাইয়ে ১৪তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সেরা ৭৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এতেই সুযোগটা পেয়েছিলেন নৌবাহিনীর সাঁতারু। আগামী ১৯ জুলাই-৪ আগস্ট বার্সেলোনায় হবে ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। কিন্তু এতে মাহফিজুরসহ অন্যদের অংশ নেওয়ার ব্যাপারটি অনিশ্চিত। বিশ্ব সাঁতারে অংশ নিতে না পারলে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে বাংলাদেশকে। ২০০৬ সালে একবার জরিমানা দিয়ে পার পেয়েছিল তখনকার কমিটি।বার্সেলোনায় নাম পাঠানোর শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচন এবং বাংলাদেশ গেমস নিয়ে কর্মকর্তারা এতই ব্যস্ত ছিলেন যে ব্যাপারটি বেমালুম ভুলে বসে ছিলেন! যখন বোধোদয় হয়েছে, বাংলাদেশের অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই। বার্সেলোনা যাওয়ার কথা ছিল নৌবাহিনীর মাহফিজুর রহমান, অনিক ইসলাম ও বিকেএসপির পাপিয়া আক্তারের। তবে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন এখনো আশায় যে বাংলাদেশের সাঁতারুরা বার্সেলোনায় যেতে পারবেন, ‘আমরা এখনই আশা ছাড়ছি না। কালও বার্সেলোনায় যোগাযোগ করেছি। আশা করছি আমরা যেতে পারব।’ অনলাইনে নাম নিবন্ধনের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন ফেডারেশন ফিনার (আন্তর্জাতিক সাঁতার সংস্থা) আনুকূল্য প্রার্থনা করছে। শুধু প্রতিযোগিতাই নয়, এবার সেখানে হবে ফিনার নতুন কমিটির নির্বাচন এবং কংগ্রেস। বার্সেলোনা যাত্রী সাধারণ সম্পাদকের সঙ্গী হওয়ার জন্য অনেকেই তদবির শুরু করে দিয়েছেন।