বার্সেলোনা ৪: ৩ রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক গোলে বার্সাকে সমতায় ফিরিয়েই ছুটলেন মেসি। ওদিকে একদফা ঠোকাঠুকি হয়ে গেল পেপে-ফ্যাব্রিগাসের মধ্যে। পরশু এল ক্লাসিকোর রাতে এএফপি
দুর্দান্ত এক গোলে বার্সাকে সমতায় ফিরিয়েই ছুটলেন মেসি। ওদিকে একদফা ঠোকাঠুকি হয়ে গেল পেপে-ফ্যাব্রিগাসের মধ্যে। পরশু এল ক্লাসিকোর রাতে এএফপি

দুর্দান্ত গোল, রুদ্ধশ্বাস উত্তেজনা, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, লাল কার্ড, পেনাল্টি, রেকর্ড—একটা ফুটবল ম্যাচ থেকে আপনি এর চেয়ে বেশি আশা করতে পারেন না। ‘ধ্রুপদি’ শব্দটা বহুব্যবহারে ক্লিশে হয় না পরশুর এমন ম্যাচের জন্যই।
টিভি পর্দার সামনে বসা সবার ঘুমকাতুরে চোখ দুটি ৭ মিনিটেই উজ্জীবিত। লিওনেল মেসির জাদুকরি পাসে বাঁ পায়ের দুর্দান্ত গোলে বার্নাব্যুকে হকচকিয়ে দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সার হয়ে যে ৫০টি ম্যাচে এই মিডফিল্ডার গোল করেছেন, তার একটিতেও হারেনি ক্লাব। শেষ পর্যন্ত বার্সেলোনা যে ৪-৩ গোলে জিতল, সেটি তো ইনিয়েস্তা গোল করেছেন বলেই!
প্রথম গোলে মেসি ছিলেন দোসর। কিন্তু এল ক্লাসিকোতে আলো ছড়াবেন না তা কি হয়? রিয়ালের সঙ্গে আগেও হ্যাটট্রিক করেছেন, হয়তো অনেক ম্যাচে এর চেয়েও বেশি উজ্জ্বল ছিলেন। কিন্তু বার্সেলোনার ‘জীবন বাঁচানো’ পরশুর ম্যাচটা মেসিকে দিল দুহাত ভরে। দুটি পেনাল্টি গোলসহ হ্যাটট্রিক করে হুগো সানচেজকে (২৩৪) ছাড়িয়ে মেসি (২৩৬ গোল) লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, তাঁর সামনে শুধুই তেলমো জারা। রিয়াল মাদ্রিদ গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোকে (১৮) টপকে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের মালিকও এখন মেসি (২১)। কোচ জেরার্ডো মার্টিনো তো এমনিতেই বলেননি, ‘ওকে নিয়ে কী আর বলব? প্রশংসার পর প্রশংসাই শুধু করে যেতে হবে!’
হারলেই যেখানে শিরোপাস্বপ্ন প্রায় শেষ, সেখানে ম্যাচটা জিতে লা লিগাকে আবার ‘তিন ঘোড়ার রেস’ বানিয়ে দিল বার্সেলোনা। অ্যাটলেটিকো-রিয়ালের পয়েন্ট ৭০, বার্সা পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। মার্টিনোর ‘লিগ এখন নতুন করে শুরু হচ্ছে’ কথাটাই আসলে সবকিছু বলে দিচ্ছে। রিয়াল কোচ আনচেলত্তিও মানছেন, ‘লিগ এখন তিন দলের জন্য উন্মুক্ত।’

অথচ রিয়াল কিন্তু দুবার এগিয়ে গিয়েছিল। ডি মারিয়ার সঙ্গে দুর্দান্ত যুগলবন্দীতে পেতে পারতেন হ্যাটট্রিক, তবে জোড়া গোল করেই রিয়ালকে ম্যাচে ফিরিয়ে আনেন করিম বেনজেমা। মেসির গোলে আবার সমতা ফেরায় বার্সা (২-২)।

ক্লাসিকো যেহেতু, বিতর্কও থাকা উচিত। সেই দায়িত্ব নিলেন রেফারি। বক্সের বাইরে থেকে পেনাল্টি আদায় করে নিয়েছেন ক্রিস্টিয়ানো, তা থেকে গোল করে এগিয়েও দেন রিয়ালকে। নেইমারের পাওয়া পেনাল্টিটিও বিতর্কিত, সার্জিও রামোসের লাল কার্ড তো আরও। ১০ জনের রিয়ালের বিপক্ষে ইনিয়েস্তার আদায় করা পেনাল্টি থেকে শেষ গোলটা করে বার্সাকে স্মরণীয় জয় এনে দিয়েছেন মেসি। তারা ফিরতে পারল তাই শিরোপা লড়াইয়ে। এএফপি, ওয়েবসাইট।