বার্সেলোনাই ফেবারিট: জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও চিন্তায় আছেন বার্সেলোনার সমর্থকেরা। ইনজুরির কারণে দলের অন্যতম প্রধান ভরসা লিওনেল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় এখনো কাটেনি। আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাচেরানোও পড়েছেন ইনজুরির কবলে। তবে ইনজুরি-সমস্যা থাকলেও পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলায় বার্সেলোনাই ফেবারিট বলে দাবি করেছেন জাভি হার্নান্দেজ। আগামীকালের ম্যাচটা নিজেদের মাঠে বলেই হয়তো আত্মবিশ্বাসটা বেশি থাকছে কাতালানদের।প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল বার্সেলোনা। ফলে দ্বিতীয় লেগের ম্যাচটা জিততে হবে কাতালানদের। এ রকম সংকটময় মুহূর্তে ইনজুরি-সমস্যা ভর করেছে বার্সেলোনাশিবিরে। তবে লা লিগার শেষ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াও বার্সেলোনা যেভাবে মালোর্কার বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে, তাতে আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়ারই কথা টিটো ভিলানোভার শিষ্যদের। এই দুর্দান্ত পারফরমেন্সের কথা স্মরণ করেই হয়তো নির্ভার থাকতে চাইছেন জাভি হার্নান্দেজ। বার্সা মাঝমাঠের অন্যতম প্রধান এই সেনানি বলেছেন, ‘মেসি ও মাচেরানোর ইনজুরিটা দুঃখজনক। মাচেরানোকে অন্তত চার বা ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। আর মেসি শেষপর্যন্ত মাঠে নামতে পারবে কি না, সেটা আমরা দেখব। তারা দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমরা সম্প্রতি ভালো খেলেছি। আগামীকালের ম্যাচে আমরাই ফেবারিট। কারণ, আমরা নিজেদের মাঠে খেলব।’মালোর্কার বিপক্ষে শেষ ম্যাচটি ছাড়াও বার্সেলোনা সাহস খুঁজতে পারে এসি মিলানের বিপক্ষে শেষ ১৬-র লড়াই থেকে। সেখানে প্রথম লেগে ২-০ গোলে হেরে গেলেও দ্বিতীয় লেগে ৪-২ গোলের দারুণ এক জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার কোয়ার্টার ফাইনালেও তারা এ পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। ‘টাইমস অব ইন্ডিয়া’