বার্সেলোনাকে অপেক্ষায় রাখল রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের এবারের শিরোপাটা যে বার্সেলোনার ঘরেই যাবে, সেটা অনুমান করা যাচ্ছে অনেক দিন ধরেই। কিন্তু শিরোপা জয়ের বিষয়টি একেবারে নিশ্চিত করে ফেলতে পারছে না কাতালানরা। গতকাল নিজেদের ৩৪তম ম্যাচে জয় দিয়ে বার্সেলোনাকে আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষায় রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছেন হোসে মরিনহোর শিষ্যরা। লা লিগার ৩৪ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই বার্সেলোনার সংগ্রহ ৮৫ পয়েন্ট। আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের সুবাতাস পেলেও বিষয়টি নিশ্চিত করতে পরবর্তী সপ্তাহের ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হবে মেসি-জাভি-ইনিয়েস্তাদের।চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। শেষপর্যন্ত সফলতা পেলেও নিচের সারির ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধের আট মিনিটে অস্কার গঞ্জালেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ভ্যালাদোলিদ। ২৬ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে খেলায় সমতা ফেরায় রিয়াল। ৩২ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা। ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়ে ৩৫ মিনিটের মাথায় খেলায় আবারও সমতা আনেন ভ্যালাদোলিদের স্টাইকার জাভি গুয়েরা। ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ৪৯ মিনিটে কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতেও সক্ষম হন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা কাকা। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করে ফেলেন রোনালদো। ম্যাচের শেষপর্যায়ে একটি গোল শোধ করতে সক্ষম হয় ভ্যালাদোলিদ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রয়টার্স