বার্সেলোনাকে আটকাল স্টুটগার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি-ইনিয়েস্তাদের চোখধাঁধানো পাসিং ফুটবল তেমন করে দেখা যায়নি। জার্মানির ক্লাব ভিএফভি স্টুটগার্ট নিজেদের মাঠে যেন কোনো এক জাদুবলে থামিয়ে দিয়েছিল বার্সেলোনার জাদুকরি ফুটবল। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে বার্সেলোনাকে জিততে দেয়নি তারা, ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। তবে ফরাসি ক্লাব বোর্দো ঠিকই জিতে এসেছে গ্রিস থেকে। অলিম্পিয়াকোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে খুব জোর দিয়েই কথাটা বলেছিলেন স্টুটগার্টের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার কাকাউ—আমরা অঘটন ঘটাতে চাই। ২৫ মিনিটে হেড থেকে দারুণ এক গোল করে সেই সম্ভাবনা তিনি তৈরিও করে ফেলেছিলেন। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের চূড়ান্ত সর্বনাশ থেকে উদ্ধার করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চোটের কারণে যাঁর খেলাই অনিশ্চিত ছিল, সেই সুইড স্ট্রাইকারই ৫২ মিনিটে বার্সার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন। স্টুটগার্ট থেকে ইব্রার গোলে বেঁচে এসেছে বার্সা। কিন্তু একটা প্রশ্ন এড়াতে পারেনি পেপ গার্দিওলার দল—গত বছরের সেই ভিনগ্রহের ফুটবল কোথায় গেল বার্সেলোনার? যে ফুটবল খেলে গত বছর ৬টি শিরোপা এসেছে, সেই ফুটবল নতুন মৌসুমের শুরুতেও দেখা গেছে। কিন্তু সম্প্রতি সেই বার্সাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরশুর ম্যাচেও বার্সেলোনার ওপর দিয়ে ম্যাচের বেশির ভাগ সময়েই ছড়ি ঘোরাল স্টুটগার্ট।ম্যাচের প্রথম আক্রমণটা অবশ্য বার্সেলোনাই করেছিল। পরিচিত সেই কৌণিক দৌড়ে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। তবে বাঁ পায়ে কিক নিতে গিয়েও পারেননি তিনি। ওই বল থেকেই পাল্টা আক্রমণ করে স্টুটগার্ট। কিন্তু ক্রিস্টিয়ানো মলিনারোর পাসে গোল করতে ব্যর্থ হন কাকাউ। ২৩ মিনিটে বার্সেলোনাকে গোল থেকে বাঁচিয়েছেন ইব্রাহিমোভিচ। তবে ২৫ মিনিটে গেবহার্টের ক্রস থেকে স্টুটগার্টকে এগিয়ে দেন কাকাউ।বার্সেলোনাকে আরও ম্লান করে প্রথমার্ধের বাকি সময়টাতেও আধিপত্য করে স্টুটগার্টই। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় বার্সা। কিন্তু সমতাসূচক গোল পেতে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। কর্নার কিক থেকে বল গিয়ে পড়ে জেরার্ড পিকের মাথায়। হেড করে তিনি বল দেন ইব্রাহিমোভিচকে। লেম্যান তাঁর প্রথম শটটি ঠেকিয়ে দেওয়ার পর দ্বিতীয় শটে লক্ষ্যভেদ করেন সুইড স্ট্রাইকার। এরপর কোনো দলই গোল পায়নি। তবে গোল পেতে পারতেন মেসি-ইব্রাহিমোভিচ দুজনই। তাঁদের গোল-বঞ্চিত করেছেন স্টুটগার্টের গোলরক্ষক জেন্স লেম্যান। গোল পেতে পারতেন কাকাউ-মলিনারোরাও। কিন্তু স্টুটগার্টের বেশ কয়েকটি ভালো আক্রমণই থেমে গেছে পিকে, পুয়োল ও ভালদেজদের দক্ষতায়। তবে এ ম্যাচ নিয়ে শেষ কথা বলতে গেলে স্টুটগার্টকেই রাখতে হবে এগিয়ে। বার্সেলোনা কোচ গার্দিওলাও স্বীকার করে নিলেন সেটা, ‘আমাদের লড়াই করতে হয়েছে। ম্যাচটি আমার জন্য কঠিনই ছিল।’ তবে নিজেদের মাঠে ফিরতি লেগে চিত্রটা অন্য রকম হবে বলে বিশ্বাস গার্দিওলার। মার্কাস বাবেলের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর স্টুটগার্টকে বদলে দিয়েছেন নতুন কোচ ক্রিস্টিয়ান গ্রোসো। গত দু মাসে অনেকগুলো জয়ই এনে দিয়েছেন তিনি। এ ম্যাচটাতেও তাঁর দলের জয়ই প্রাপ্য ছিল বলে দাবি করেছেন গ্রোসো, ‘আজ (মঙ্গলবার) বার্সেলোনার পরাজয়ই হতো যোগ্য ফল। প্রথমার্ধেই আরেকটা গোল পেতে পারতাম আমরা।’এদিকে একটা ভয় নিয়েই গ্রিসে গিয়েছিল বোর্দো—আবার না গ্রিক ট্র্যাজেডির ফাঁদে পড়তে হয়! শেষ পর্যন্ত তা আর হয়নি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সিয়ানির একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছে তারা। বোর্দো কোচ লঁরা ব্লা তো মহাখুশি। তবে আরেকটা গোল না পাওয়ার আক্ষেপ আছে তাঁরও, ‘অ্যাওয়ে গোল করতে পেরে খুব ভালো লাগছে। তবে আরেকটা গোল আমরা পেতে পারতাম।’ এএফপি, ওয়েবসাইট।