বার্সেলোনাকে ক্যাসিয়াসের শ্রদ্ধা
ক্লাব ফুটবলের জগতে তাঁরা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তাঁরা কাঁধে কাঁধ মেলানো সতীর্থ। রিয়াল-বার্সা মাঠে চরম প্রতিদ্বন্দ্বী হলেও এই দুই দলের খেলোয়াড়েরা স্পেনের জার্সি গায়ে ভুলে যান সব বিভেদ। স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস রিয়ালের খেলোয়াড় হলেও বার্সেলোনার জাভির সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব। বন্ধু জাভির কারণেই কি না, ইদানিং বার্সেলোনার প্রতি ক্যাসিয়াসের শ্রদ্ধার পরিমাণটা বাড়ছেই। স্প্যানিশ অধিনায়ক হিসেবে নিজের সাফল্যের জন্যও তিনি খোলাখুলি স্বীকার করে নিয়েছেন বার্সা খেলোয়াড়দের অবদান। নতুন মৌসুম শুরুর আগে তাই আরও একবার শ্রদ্ধাটা পৌঁছে দিলেন সদ্যই সাবেক হয়ে যাওয়া বার্সা কোচ পেপ গার্দিওলা ও তাঁর দলের প্রতি। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, এই সফল দলের বিপক্ষে সাফল্য পেতে তিনি মরিয়া।ক্যাসিয়াস বলেন, ‘বার্সেলোনা ও পেপ গার্দিওলা যা করেছেন, তার জন্য আমি তাদের সম্মান জানাই।’ তবে এবারের মৌসুমে যে আবার তাদের আধিপত্য খর্ব করতেই তিনি রিয়াল মাদ্রিদের গোলবারের নিচে দাঁড়াবেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্যাসিয়াস। বলেছেন, ‘এখন আমার লক্ষ্য রিয়াল মাদ্রিদের হয়ে যতগুলো সম্ভব প্রতিযোগিতায় জয়ী হওয়া। আমরা এবারের মৌসুমটা খুব ভালো পথেই শুরু করব। আমাদের প্রথম প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়া। আমি এবারের চারটি প্রতিযোগিতাতেই জিততে চাই। স্প্যানিশ সুপারকাপ, লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ।’সম্প্রতি ইকার ক্যাসিয়াসকে এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়ার কথা ফুটবল অঙ্গনে বেশ জোরেশোরেই উঠেছে। এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের লেভ ইয়াসিনই এই পুরস্কারজয়ী একমাত্র গোলরক্ষক। পুরস্কারটা পেলে অনেক খুশি হবেন স্বীকার করলেও সেটা নিয়ে খুব বেশি ভাবছেন না বলে জানিয়েছেন ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘ব্যালন ডি’অরটা এমন কাউকে দেওয়া উচিত, যে সত্যিই সেটার যোগ্যতা রাখে। আমি জানি, এখানে এর আগে গোলরক্ষকেরা খুব বেশি মনোনীত হতে পারেননি। কিন্তু আমার মতে, গোলরক্ষকদেরও এই পুরস্কারটা জেতার সমান অধিকার আছে। যদি লেভ ইয়াসিন আগে এটা জিততে পারে, তাহলে অন্য কোনো গোলরক্ষক নয় কেন? এই মুহূর্তে অনেকেই আমার এই পুরস্কার জেতার কথা বলছে। কিন্তু আমি এটা নিয়ে আসলে খুব বেশি ভাবছি না।’ ইএসপিএন।