বার্সেলোনাকে চমকে দিল আর্সেনাল
নিজেদের মাঠে দুটি স্বাগতিক দলের একটি জিতল, ড্র করল আরেকটি। কিন্তু সান সিরোতে সিএসকেএ মস্কোর সঙ্গে ১-০ গোলে জিতে ইন্টার যতটা না পরশুর রাতকে ভরাল আলোকমালায়, তার চেয়ে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেও অনেক উজ্জ্বল আর্সেনাল। ৬৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক দৃষ্টান্ত গড়ে ড্র করে ফেলল ম্যাচ।না, এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল প্রথমার্ধে অন্তত ছিল আঁধারে ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাই তাদের ঢেকে দিয়েছিল অচেনা অন্ধকারে। যেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই কার্যত শেষ হয়ে যেতে পারত তাদের এবারের চ্যাম্পিয়নস লিগ। মেসি, জাভি, ইব্রাহিমোভিচ, পেদ্রো, দানি আলভেজদের বিদ্যুচ্চমক ফুটবলে গানাররা ছিল স্রেফ দর্শক। অধিনায়ক সেস ফ্যাব্রিগাস, যাঁর ৮৫ মিনিটের পেনাল্টি গোলে সমতা ফিরিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল, সেই সাবেক বার্সা মিডফিল্ডার নির্দ্বিধায় স্বীকার করে নিলেন, ‘২-০-তে পিছিয়ে পড়ায় মনে হচ্ছিল আমরা শেষ। আপনি আমাদের ঘুরে দাঁড়ানোটা কখনো কল্পনাও করতে পারতেন না। প্রথমার্ধে আমরা তো বলই পাচ্ছিলাম না। আমরা হয়তো ভেবেছি এই তো বল ধরব, কিন্তু তখনই হঠাত্ বল চলে গেছে অন্য দিকে।’ম্যাচের প্রথম ২০ মিনিট ‘অন্য গ্রহের’ ফুটবল খেলেছে বার্সেলোনা। এর মধ্যে তারা পাঁচ গোলেও এগিয়ে যেতে পারত। আর্সেনাল বেঁচেছে গোলরক্ষক আলমুনিয়ার অতিমানবীয় নৈপুণ্যে আর ইব্রাহিমোভিচের ব্যর্থতায়। ৬ মিনিটের মধ্যেই মেসির দুটি শট রুখে দেওয়ার পর ইব্রাহিমোভিচ পর পর অনেকগুলো শট নিয়েছেন আর্সেনাল গোলমুখে। কোনোটি তুলে দিয়েছেন আলমুনিয়ার হাতে, কোনোটি পাঠিয়েছেন পোস্টের বাইরে। তবে ওই ইব্রাহিমোভিচই আবার বার্সেলোনার উজ্জ্বল উদ্ধার।বিরতির পর খেলা শুরু হওয়ার ২২ সেকেন্ডের মধ্যেই গোল করেছেন। জাভির পাসে ৫৯ মিনিটে তিনিই ব্যবধান করেছেন দ্বিগুণ (২-০)। এর পর আর্সেনাল ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। গানারদের বদলে দিয়েছেন আসলে থিও ওয়ালকট। বদলি হিসেবে নেমে ৬৯ মিনিটে প্রথম গোল তো করেছেনই, তাঁর দুর্দান্ত গতি দিয়ে বার্সেলোনার রক্ষণে ছড়িয়েছেন ত্রাস। পাল্টা আক্রমণে তরুণ এই উইঙ্গার ছিলেন ধারালো তরবারি।প্রতি-আক্রমণের ঝড়ে এক সময় বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্ডার কার্লোস পুয়োল ফাউল করে বসেন ফ্যাব্রিগাসকে। লঘু পাপে গুরুদণ্ড—লাল কার্ড। ওই পেনাল্টি গোলে বার্সেলোনার জয়ের আশা শেষ করে দেন ফ্যাব্রিগাস (২-২)। তবে ওই পেনাল্টি কিক নিয়েই খোঁড়াতে খোঁড়াতে মাঠছাড়া ফ্যাব্রিগাসের একটা আশারও হয়তো শেষ হয়ে গেছে। দুটি হলুদ কার্ড পাওয়ায় এমনিতেই ফিরতি পর্বে খেলতে পারতেন না। আর পুরোনো চোটে আবার লাগায় মৌসুমের বাকি অংশেও হয়ে যেতে পারেন দর্শক। শেষ হয়ে যেতে পারে তাঁর বিশ্বকাপে খেলার আশাই। আর্সেনালকে বদলে দেওয়া নায়ক ওয়ালকটের কাছে প্রথমার্ধে বার্সেলোনার খেলাটাকে মনে হচ্ছিল কম্পিউটার গেমের মতো। তবে তাঁর বিশ্বাস ছিল, এই আর্সেনাল দুই বছর আগের আর্সেনাল নয়, যারা দুই গোলে পিছিয়ে মাথা নিচু করে থাকত। পেপ গার্দিওলার দল শেষ ৩০ মিনিটে তাদের শক্তি এবং মনোযোগের অনেকটাই হারিয়ে ফেললে ম্যাচ বাঁচানোর আশাটা আরও জোরালো হয় তাঁর। এমন পাল্টা লড়াইয়ের পর বার্সেলোনাকে শেষ আটেই বিদায় করে দেওয়ার স্বপ্ন দেখছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘আমি জানি, সেখানে তাদের জীবন আমরা অতিষ্ঠ করে তুলতে পারি।’ন্যু ক্যাম্পে জীবন অতিষ্ঠ হতেও পারে বার্সার। লাল কার্ড কেড়ে নিয়েছে কার্লোস পুয়োলকে, আরেক সেন্ট্রাল ডিফেন্ডারও জেরার্ড পিকেও খেলতে পারবেন না হলুদ কার্ডে কাটা পড়ে। বার্সেলোনার গার্দিওলার কণ্ঠটা একটু নিচু, ‘আমাদের আরও মনোযোগী হতে হবে। না হলে নিতে হবে বিদায়।’ তবে এ ম্যাচ থেকে গার্দিওলার তৃপ্তি, ‘এখানে এসে আমরা দেখাতে পেরেছি ফুটবলটা কীভাবে খেলা উচিত।’জিতলেও ইন্টার মিলান সিএসকেএ মস্কোর বিপক্ষে ফলটাকে ভালো বলতে পারছে না নিজেরাই। জঘন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে ওয়েসলি স্নাইডারের পাসে ইন্টারের জয়সূচক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো। এএফপি।