বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে স্টুটগার্ট
আমরা অঘটন ঘটাতে চাই। আমরা জানি কাজটা খুব সহজ হবে না। পূর্ণ মনোযোগ না দিলে বাজে ব্যাপার ঘটে যেতে পারে।প্রথম কথাটি ভিএফভি স্টুটগার্টের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার কাকাউর। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে স্টুটগার্ট বার্সেলোনাকে আটকে দিতে চায়, কাকাউর কথায় সেই ইচ্ছারই প্রতিফলন। দ্বিতীয় কথাটি বলেছেন বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োল। স্টুটগার্টকে নিয়ে আসলেই ভাবছে বার্সেলোনা। অথচ মাস কয়েক আগে নকআউট পর্বের ড্রটা যখন হয়, ব্যাপারটা এ রকম ছিল না। ‘ও! বার্সেলোনা খেলবে স্টুটগার্টের সঙ্গে। বার্সা তো জিতবেই’—প্রায় সবার চিন্তাই তখন এ রকম ছিল। কিন্তু স্টুটগার্টের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সবারই এখন কথা গেলার দশা। বুন্দেসলিগায় সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা। গত শনিবারের ম্যাচে কোলনকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। কাকাউ একাই করেছেন ৪ গোল। স্টুটগার্ট শিবিরজুড়ে বইছে আত্মবিশ্বাসের প্রবল বাতাস।এদিকে বার্সেলোনা শিবিরকে তাড়া করে ফিরছে চোটের দুশ্চিন্তা। স্প্যানিশ লিগে শনিবারের ম্যাচে তারা পায়নি দানি আলভেস, জ্লাতান ইব্রাহিমোভিচ আর জাভি হার্নান্দেজকে। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচের দলে আলভেস ও জাভিকে রেখেছেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু খেলতে পারবেন কি না ঠিক নেই। অধিনায়কের কণ্ঠে তাই সতর্কতা। তা হোক, দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টই কোচ পেপ গার্দিওলা, ‘পারফরম্যান্স ভালোই বলতে হবে। তবে বড় মঞ্চে জয় পেতে হলে আরও ভালো খেলতে হবে।’আত্মবিশ্বাসের সঙ্গে ভালো খেলার প্রত্যয় নিয়ে গ্রিস যাচ্ছে ফ্রান্সের ক্লাব বোর্দো। তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। গ্রিক চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বোর্দোর আছেই। গ্রুপ পর্বের বৈতরণী পার করেছে তারা অসাধারণ খেলে। ফরাসি চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে ৫টি জয় আর একটি ড্র করে ওঠে নকআউটে। দুটি মাত্র গোল খেয়েছে তারা এবং পয়েন্ট হারিয়েছে মাত্র দুটি।তবে গ্রিক বীরদের পেছনে ফেলতে আরেকটা দুর্দমনীয় পারফরম্যান্সই লাগবে বলে মনে করেন বোর্দোর আর্জেন্টাইন ডিফেন্ডার ডিয়েগো প্লাসেন্তে, ‘আমাদের বড় একটা ম্যাচ খেলতে হবে। আমাদের চেষ্টা করতে হবে একটি গোল পেতে এবং তাহলেই পরের লেগটা অনেক সহজ হয়ে যাবে।’ ভালো কিছু অর্জনের প্রত্যয় অলিম্পিয়াকোসেও। অলিম্পিয়াকোসের মরোক্কান খেলোয়াড় জাউয়াদ জায়েরি সতীর্থদের উদ্বুদ্ধ করতে রোমন্থন করছেন অতীত অর্জনের স্মৃতি, ‘আমরা এই মাঠে আর্সেনালকে হারিয়েছি। আশা করছি আজ আবার একটা জয় পাব।’ সেটা কতটা সম্ভব কে জানে! বোর্দোর কোচ লঁরা ব্লা বলেছেন, ‘গ্রিক ট্রাজেডি’ এড়াতে সব ধরনের পরিকল্পনা আর প্রস্তুতিই নিয়ে রেখেছে তাঁর দল। এএফপি।