বার্সেলোনাকে না বলেছিলেন রোনালদো

কেমন হতো যদি একই দলে খেলতেন এ সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো? প্রতিপক্ষের রক্ষণভাগে যে আতঙ্কের শিহরণ বয়ে যেত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফুটবলপ্রেমীরাও হয়তো এখনকার মতো মেতে উঠতেন না তাঁদের শ্রেষ্ঠত্ব নিয়ে। আসলে তেমনটা হলে ইউরোপিয়ান ফুটবলের সাম্প্রতিক ইতিহাসটাই হয়তো লিখতে হতো নতুন করে। সবাই জানেন তেমনটা হয়নি। হওয়ারও নয়। কিন্তু একটা সময় এমন দৃশ্যপট তৈরির সম্ভাবনা কিন্তু সত্যিই জেগেছিল। রোনালদোকে বার্সেলোনায় যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকা।
২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরই নিজেকে চেনানো শুরু করেছিলেন রোনালদো। ২০০৮ সালে প্রথমবারের মতো জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। পরের বছরই ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। তবে রিয়াল মাদ্রিদ নয়, বার্সেলোনাতে যাওয়ার জন্য রোনালদোকে প্রলুব্ধ করেছিলেন ফার্গুসন। এত দিন পর এসে সেই কথা ফাঁস করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র্যামন ক্যালডেরন। সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি। ফার্গুসন রোনালদোকে বার্সেলোনায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বার্সেলোনাও খুবই খুশি ছিল। কিন্তু সেই মুহূর্তে রোনালদো বলেছিল, “আমি রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবে যাব না।” এ কারণেই আমরা চুক্তিটা করি। সবাই এতে খুশি ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৯৪ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ পেয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়টিকে। আর ক্রিস্টিয়ানোও যা চেয়েছে, তা-ই হয়েছে।’
রিয়াল-বার্সার মতো মেসি-রোনালদো দ্বৈরথ উপভোগ করতে পারার জন্য ফুটবলপ্রেমীরাও কি খুশি হননি?— গোল ডটকম