১০ জনের দল নিয়ে প্রায় পুরো সময় প্রতিদ্বন্দ্বিতা, প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়া। শক্তিশালী বার্সেলোনাকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার কোনো আশা কি চেলসির সামনে ছিল? কিন্তু রবার্তো ডি মাত্তেওর এই চেলসি যে নতুন করে প্রাণ পাওয়া এক দল। আর তাই নিজেদের বদলে যাওয়ার প্রমাণ তারা আবারও রাখল ন্যু ক্যাম্পের মাঠে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার সঙ্গে ২-২ গোলে ড্র করে গোল গড়ে তাদের পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগ জয়ের নতুন স্বপ্নের দিশারি এখন স্ট্যামফোর্ড ব্রিজের নীল জার্সিধারীরা।কাল অবশ্য ন্যু ক্যাম্পে চেলসির খেলোয়াড়দের পরনে ছিল না সেই চিরাচরিত নীল জার্সি। সাদা রঙের অ্যাওয়ে জার্সি পড়ে ন্যু ক্যাম্পে লন্ডনের ১-০ গোলের জয়ের সুবিধা সঙ্গে করেই খেলতে নেমেছিল তারা। তবে মাঠে নেমে বার্সার তীব্র আক্রমণের তোড়ে তাদের কিছুটা দিশেহারা দেখাচ্ছিল। পেপ গার্দিওলার ৩-৪-৩ ফরমেশন যেন নতুন করে জয়ের নেশায় মরিয়া করে তুলেছিল মেসি-ইনিয়েস্তা-বুসকেট-পিকে-জাভিদের। ম্যাচের ৩ মিনিটের মাথাতেই এগিয়ে চেলসির গোলমুখে খুলে দেয় কাতালানরা। তবে অ্যালেক্সিজ সানচেজের থ্রু থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েও সাইড নেটে বল মারেন লিওনেল মেসি।চেলসির কৌশলটি ছিল খুবই সহজ। ‘লন্ডনের সুবিধা মাথায় রেখে বার্সেলোনাকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করা আর সুযোগ বুঝে প্রতি আক্রমণ—এই ছিল ডি মাত্তেওর কৌশল। চেলসির খেলোয়াড়েরা সেই কৌশল দারুণভাবে প্রয়োগ করেন। তবে বার্সেলোনা কাল আক্রমণ ছিল আগের ম্যাচের চেয়েও মরিয়া। খেলার ২৬ মিনিটে গোলরক্ষক ভালদেসের সঙ্গে সংঘর্ষে জেরার্ড পিকে আহত হলে তার পরিবর্তে মাঠে নামেন দানি আলভেস। দানি মাঠে নামার পর বার্সেলোনার আক্রমণের গতি বেড়ে যায় আরও কয়েকগুণ। এর মধ্যে গ্যারি ক্যাহিল হ্যাম স্ট্রিংয়ের শিকার হয়ে মাঠ ত্যাগ করলে চেলসির রক্ষণ-ব্যূহ যেন কিছুটা আলগা হয়ে পড়ে।৩৫ মিনিটে বুসকেটের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দানি আলভেসের পাস থেকে আইজাক কুয়েনকা বল বক্সের মধ্যে বুসকেটের পায়ে ঠেললে বুসকেট সেই বল ঠেলে দেন গোলে। ১-০ গোলে পিছিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বল ছাড়া সানচেজকে ফাউল করে লাল কার্ড দেখেন চেলসির অধিনায়ক জন টেরি। ১০ জনের দল হয়ে আরও রক্ষণাত্মক হয়ে পড়ে চেলসি। কিন্তু ৪৩ মিনিটেই ম্যাচ থেকে চেলসিকে যেন ছিটকে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পাস থেকে ইনিয়েস্তা সারেন বাকি কাজ। গোলরক্ষক পিতওর চেকের পাশ দিয়ে প্লে করেন চেলসির জালে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দর্শকেরা যখন চেলসির যাবতীয় আশা ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই দলকে ম্যাচে ফেরান র্যামিরাস। একটি প্রতি আক্রমণ থেকে ফ্র্যাংক ল্যাম্পার্ডের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষক ভালদেসের মাথার ওপর দিয়ে বার্সেলোনার গোলে বল ঠেলে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর নেওয়া পেনাল্টিটি ক্রসবারে লেগে প্রতিহত হয়। মেসির মিস করা পেনাল্টিটিই যেন ভাগ্যকে বার্সেলোনার কাছ থেকে দূরে ঠেলে দেয়। একের পর এক আক্রমণ করে গেলেও এই সময় গোলের দেখা পায়নি তারা। দানি আলভেসের ক্রস থেকে সানচেজের একটি হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কুয়েনকার একটি শট ঠেকিয়ে দেন পিতওর চেক। ৮০ মিনিটের সময় মেসি গোলরক্ষক চেককে একা পেলেও তাঁর শট সাইডবারে লেগে ফিরে আসে।ম্যাচের শেষের দিকে গোলরক্ষক ভালদেস ছাড়া বার্সেলোনার বাকি ১০ জন খেলোয়াড়ই ছিলেন চেলসির সীমানায়। এই সুযোগের সদ্ব্যবহার করেই বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ‘স্প্যানিয়ার্ড’ ফার্নান্দো তোরেস। আবারও একটি প্রতি আক্রমণ থেকে বল পেয়ে দুরন্ত এক দৌড়ে বার্সেলোনার শেষ ডিফেন্ডারকেও পেছনে ফেলে দারুণ প্লেসিং শটে স্ট্যামফোর্ড ব্রিজের ছেলেদের নিয়ে যান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।