বার্সেলোনাকে বাঁচালেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোল, আনন্দটা ভাগাভাগি করে নিতে নেইমার ছুটলেন সতীর্থদের দিকে  এএফপি
বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোল, আনন্দটা ভাগাভাগি করে নিতে নেইমার ছুটলেন সতীর্থদের দিকে এএফপি

দুটি গোল হলো ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে। প্রথম গোলটা যাঁর, তিনি বার্সেলোনা ছেড়েছেন কিছুদিন আগে। পরের গোলটা যিনি করলেন, তিনিও প্রায় একই সময়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। প্রথম গোল জিতিয়ে দিতে পারত অ্যাটলেটিকো মাদ্রিদকে। পরের গোলটা বাঁচিয়ে দিল বার্সেলোনাকে। প্রথম জন ডেভিড ভিয়া, পরেরজন নেইমার।
সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচেই ভিয়ার গোল আর নতুন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে নেইমারের প্রথম গোলে গত পরশু স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ শেষ হলো ১-১ সমতায়। অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে তাই বলছেন, ‘ফাইনাল এখনো দুই দলের জন্যই উন্মুক্ত, যে কেউ জিততে পারে।’ ন্যু ক্যাম্পে পরের লেগ আগামী বুধবার।
ম্যাচ সমতায় শেষ হলেও প্রথমার্ধে অ্যাটলেটিকোর দাপট ছিল স্পষ্ট। লেভান্তেকে ৭ গোলে উড়িয়ে দিয়ে লিগ শুরু করা বার্সেলোনাকে এদিন খুঁজে পাওয়া যায়নি মাঠে। লিওনেল মেসি আর জাভি দুজনই নিষপ্রভ হয়ে রইলেন, অ্যাটলেটিকোর আঁটসাঁট রক্ষণভাগে ফাটল বের করতে পারেননি অ্যালেক্সিস সানচেজ আর পেদ্রোরাও। এর মধ্যে ১২ মিনিটে আরদা তুরানের ক্রস থেকে অসাধারণ ভলিতে ডেভিড ভিয়ার গোল। এর মিনিট চারেক পর প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ভিয়ার ফ্রি-কিক বারের ডান কোনা ঘেঁষে বেরিয়ে না গেলে বার্সেলোনার বোধ হয় ম্যাচ বাঁচানো হতো না।
নেইমার মঞ্চে আসলেন অনেক পরে, ততক্ষণে এক ঘণ্টা খেলা হয়ে গেছে। মেসি আর তখন মাঠে নেই। বিরতির পর আর নামেনইনি। পরে জানা গেল, কারণটা চোট। সেটি কতটা গুরুতর, ম্যাচ শেষে তা ঠিকঠাক বলতে পারলেন না কোচ জেরার্ডো মার্টিনোও, ‘ওর একটু লেগেছিল, সঙ্গে একটু পেশির সমস্যাও হয়েছে। আরও পরীক্ষা-টরীক্ষা করে দেখতে হবে কতটা গুরুতর।’
মেসির জায়গায় নেমেছিলেন সেস ফ্যাব্রিগাস। পেদ্রোর জায়গায় নেইমার। বার্সেলোনাও কিছুটা ছন্দে ফিরল এরপর। গোল করে বার্সেলোনাকে ম্যাচে ফেরাতে নেইমার সময় নিলেন মাত্র ৭ মিনিট। ডান দিক থেকে স্বদেশি দানি আলভেসের ক্রসে দৌড়ে গিয়ে মাথা ছোঁয়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঠিক ‘নেইমারসুলভ’ গোল হয়তো নয়, কিন্তু শেষ পর্যন্ত ওই গোলটাই ম্যাচের পাল্লা সমান করে দিল। ক্লাবের নতুন তারকাকে নিয়ে তাই ম্যাচ শেষে উচ্ছ্বসিত বার্সেলোনার ক্রীড়া পরিচালক আনদোনি জুবিজারেতাও, ‘কেউ যদি বলত বার্সেলোনার হয়ে নেইমার প্রথম গোলটা করবে হেডে, আমি বিশ্বাস করতাম না। নেইমার দারুণ মানসম্পন্ন খেলোয়াড় এবং এখানে মানিয়ে নেওয়ার জন্য আমরা তাঁকে আরও কিছুটা সময় দেব।’ প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল, তার চেয়েও বড় কথা সেই গোলটা এসেছে দলের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে। নেইমারও বড় করে দেখালেন এটিকেই, ‘শিহরিত হওয়ার মতো মুহূর্ত। আমি বেশি খুশি, কারণ গোলটা পেয়েছি দলের কঠিন সময়ে।’
একটা আফসোস অবশ্য রয়েই গেছে। দর্শকদের এবং হয়তো কিছুটা নেইমারেরও। এখনো মেসির সঙ্গে কোনো ম্যাচেই লম্বা সময় খেলা হয়নি। নেইমারও মুখিয়ে আছেন এ জন্য, ‘ওর পাশে খেলতে না পারাটা দুঃখজনক। ও বিশ্বসেরা ফুটবলার এবং সবাই ওর সঙ্গে খেলতে চায়।’ এএফপি, রয়টার্স।