বার্সেলোনাকে বিদায় বললেন পুয়োল

বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত। চাইলে এ সময় পর্যন্তই খেলে যেতে পারতেন কার্লোস পুয়োল। কিন্তু চোটের সঙ্গে যেন আর পেরে উঠছিলেন না এই কাতালান ডিফেন্ডার। তাই বিদায় বলে দিলেন আগেভাগেই। এই মৌসুমটা তাই হয়ে থাকল বার্সার জার্সি গায়ে পুয়োলের বিদায়ের লগ্ন। ব্যাপারটা বার্সা-সমর্থকদের জন্য বেশ মন খারাপ করে দেওয়ার মতোই। আর কখনো বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না ঝাঁকড়া চুলের এই ডিফেন্ডারকে! গতকালই এক সংবাদ সম্মেলন করে বিদায়বার্তাটা দিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
বেশ কিছু দিন ধরেই চোটের সঙ্গেই ঘরবসতি ছিল তাঁর। মাঠেও হয়ে পড়েছিলেন অনিয়মিত। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। মাঠে যে নিজের সেরাটা দিতে পারছেন না, সেটাও উপলব্ধি করছিলেন। এসব মিলিয়েই এই আগাম অবসরের সিদ্ধান্ত। বিদায়বার্তা জানিয়ে এক সংবাদ সম্মেলনে পুয়োল বলেছেন, ‘দুইবার গুরুতর অস্ত্রোপচারের পর, নিজের সেরাটা ফিরে পেতে আমার অনেক কষ্ট হচ্ছিল। খেলা চালিয়ে যাওয়ার জন্য আমার নিজের কাছে যে প্রত্যাশা, সেটা দিতে পারছিলাম না। এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
বার্সেলোনা থেকে বিদায়ের পর কী করবেন—সেটা অবশ্য এখনো ঠিক করেননি পুয়োল। তিনি বলেছেন, ‘আমি আজকেই বার্সেলোনা ছাড়ছি না। এই মৌসুমের আরও তিন মাস বাকি আছে। জুনের ৩০ তারিখের পর কী করব এখনো জানি না। কিছুদিন বিশ্রাম নেব, চিন্তাভাবনা করব। তারপর দেখা যাবে।’
পুয়োলের এই বিদায়ে যেন একটা অধ্যায় শেষ হলো বার্সেলোনারও। ১৯৯৯ সালে অভিষেকের পর ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের প্রতীকেই পরিণত হয়েছিলেন পুয়োল। দীর্ঘ ১৫ বছরে একবারও ক্লাব বদল করেননি। ২০০৩-০৪ মৌসুম থেকে পালন করেছেন অধিনায়কের দায়িত্ব। পুয়োল সাক্ষী হয়ে আছেন ক্লাবের অন্যতম সফল একটা অধ্যায়ের। ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন ছয়টি লা লিগা, দুটি কোপা ডেল রে, তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। গোল ডটকম।