বার্সেলোনাকে মরিনহোর ‘খোঁচা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের লা লিগার প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপের বিভিন্ন সময়ে করা ফাউল নিয়ে একটি ভিডিওচিত্র তৈরি করেছে বার্সেলোনা—গণমাধ্যমে গুঞ্জন এমনটাই।রিয়াল কোচ হোসে মরিনহোর দাবি, ভিডিওর ব্যাপারে কিছুই জানেন না তিনি। ‘স্পেশাল ওয়ান’ অবশ্য এই ইস্যুতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে মোক্ষম খোঁচা দেওয়ার সুযোগটা হাতছাড়া করেননি।‘পেপের ভিডিওর ব্যাপারে কিছুই জানি না আমি। তবে একটা ব্যাপার জানি, রিয়ালে পেপের সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে দুটি বড় ক্লাব বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওরা চাইছিল, পেপে ওদের হয়ে খেলুক। আমি ঠিক নিশ্চিত নই, ওই দুই ক্লাবের একটি ভিডিও রেকর্ড করেছে কি না।’ বলেছেন ৪৯ বছর বয়সী হোসে মরিনহো।লা লিগায় আজ রাতে নিজেদের মাঠে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো। এ ম্যাচে ১৯ জন খেলোয়াড়ের সাতজনকেই মূল একাদশে পাচ্ছেন না হোসে মরিনহো। তাঁরা সবাই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচে চোট পেয়েছেন। সবচেয়ে বড় আঘাতটা এসেছে রক্ষণভাগে। মার্সেলো, ফ্যাবিও কোয়েনত্রাও, আলভেরো আরবেলোয়া ও রাফায়েল ভারানে ইনজুরিতে। বলার অপেক্ষা রাখে না, চার ডিফেন্ডারের ইনজুরির কারণে জোড়াতালি নিয়ে রক্ষণভাগ সাজাতে হবে মরিনহোকে।গণমাধ্যমে গুঞ্জন, রক্ষণভাগের শূন্যতা পূরণে তরুণ স্প্যানিশ ফুটবলার নাকোকে খেলাতে পারেন মরিনহো। গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবশ্য সরাসরি মুখ খুললেন না রিয়াল কোচ, ‘লেফট ব্যাক হিসেবে অবশ্যই নাকোর ব্যাপারটা আমার মাথায় আছে। তবে ও কয়েকটি বিকল্পের একটি। একাদশে কারা থাকছে, এই সিদ্ধান্ত আমি নিয়ে রেখেছি। জাতীয় দলের ম্যাচগুলো শেষ হওয়ার কয়েক মিনিট পরই একাদশ ঠিক করেছি আমি।’ সূত্র: জি নিউজ।