বার্সেলোনাকে রুখে দিল সেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের এবারের মৌসুমে প্রথম চারটি ম্যাচের দুটিতে ড্র করে শুরুটা খুব বেশি ভালোভাবে করতে পারেনি বার্সেলোনা। তবে এরপর দুর্দান্ত পারফরম্যান্সে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা বেশ দাপটের সঙ্গেই দখল করেছিল গতবারের শিরোপাজয়ীরা। কিন্তু অষ্টম ম্যাচে গিয়ে আবার হোঁচট খেল কাতালানরা। গতকাল সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে মেসির পেনাল্টি মিসের মাশুল দিয়ে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। মাঠ ছেড়েছে গোলশূন্য ড্র করে।বরাবরের মতো ন্যূ ক্যাম্পে গতকালের ম্যাচেও বেশির ভাগ সময় বলের দখল ছিল বার্সেলোনার কাছে। কিন্তু সেভিয়া গোলরক্ষক জাভি ভারাসের দুর্দান্ত পারফরম্যান্সে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি-জাভি-ইনিয়েস্তারা। তার পরও একবার ভারাসকে ফাঁকি দিতে পেরেছিল ইনিয়েস্তার একটি শট। কিন্তু দুর্ভাগ্যবশত সেবার বল ফিরে আসে গোলপোস্টে লেগে। খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে আবারও বার্সেলোনার পক্ষে জয়সূচক গোলটি নিয়ে আসার উপলক্ষ তৈরি করেছিলেন ইনিয়েস্তা। সেভিয়ার পেনাল্টি বক্সের মধ্যে তাঁকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। তবে এখানে নিজের শেষ জাদুটা দেখিয়েছেন সেভিয়া গোলরক্ষক। অসাধারণ দক্ষতায় তিনি রুখে দিয়েছেন লিওনেল মেসির পেনাল্টি শট। ম্যাচ শেষে জাভি ভারাসের প্রশংসা করেছেন বার্সা কোচ পেপ গার্দিওলাও। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা পুরো ম্যাচে ভালোই খেলেছিলাম। কিন্তু মাঠে গোলরক্ষকরাও তো খেলে। আর আমাদের অবশ্যই ভারাসের দুর্দান্ত পারফরম্যান্সকে অভিনন্দন জানাতে হবে।’—রয়টার্স।