বার্সেলোনাকে রোনালদোর হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই স্প্যানিশ লিগে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। ‘এল ক্লাসিকো’ খ্যাত এই দ্বৈরথ লা লিগার সবচেয়ে বড় আকর্ষণ। গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে দুটি ম্যাচেই হেরে গিয়েছিল রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে নামার আগে গত বছরের ফলাফল মনের ভেতর খোঁচা মারছে রিয়ালের খেলোয়াড়দের। রিয়ালের সবচেয়ে বড় সম্পদ ক্রিশ্চিয়ানো রোনালদোও মনে মনে তেতে আছেন এ লড়াইয়ের জন্য। গতবার দুটো ম্যাচেই হেরে গেলেও এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে মনে করেন তিনি। এ বছর ক্যাটালানদের অন্যরকম এক রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন এই পর্তুগিজ প্লে-মেকার।ফ্রান্সের একটি ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, ‘শৃঙ্খলা, খেলার ধরন, আক্রমণাত্মক মনোভাব—সবদিক থেকেই আমরা আগের থেকে অনেক বদলে গেছি। আমরা সব সময়ই একই লক্ষ্য নিয়ে এক সঙ্গে খেলি। আর মরিনহো একজন অসাধারণ কোচ। তাঁর অভিজ্ঞতার ঝুলিও অনেক ভারী। তিনি জানেন জেতার জন্য কী করতে হবে।’ রোনালদো এমন আত্মবিশ্বাসী হতেই পারেন, কারণ মরিনহোর অধীনে স্প্যানিশ লিগের আট ম্যাচ শেষে বার্সেলোনাকে পেছনে ফেলে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। গোল ব্যবধানেও অনেক এগিয়ে আছে তারা।দীর্ঘদিনের গোল-খরা কাটাতে পেরে নিজের প্রতিও বিশ্বাস ফিরে পেয়েছেন রোনালদো। ১০ গোল করে আছেন লা লিগায় অন্যসব স্ট্রাইকারকে ছাড়িয়ে গেছেন তিনি। শেষ তিন ম্যাচেই করেছেন আট গোল। মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি স্বীকার করে নিয়ে রোনালদো বলেছেন, ‘এটা ঠিক যে বছরের শুরুটা আমি ভালোমতো করতে পারিনি। কিন্তু আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারও পক্ষেই সব সময় ফর্মে থাকা সম্ভব না। তবে আমি ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠছি। এখন আমি খুবই ভালো সময় কাটাচ্ছি এবং এটাই ধরে রাখতে চাই।’—টাইমস অব ইন্ডিয়া