বার্সেলোনাকে হারাতে হলে
ম্যানইউর কীভাবে শুরু করা উচিত?সমাধান: বার্সেলোনা যেন শুরুতেই পাসিং ছন্দটা খুঁজে না পায়, এটা খুব জরুরি। সাম্প্রতিক ‘ক্লাসিকো’গুলোর কয়েকটিতে শুরুতেই বার্সার ওপর ঝাঁপিয়ে পড়ে এতে কিছুটা সফল হয়েছিল রিয়াল মাদ্রিদ। ইউনাইটেডের মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের কঠোর পরিশ্রম করতে হবে, যাতে বার্সা নিচ থেকে গুছিয়ে ওপরে উঠতে না পারে। গোলকিপার ভালদেসের বল দেওয়ার পথটা আটকাতে হবে, ডিফেন্ডারদের ওপর চড়াও হতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাভি-ইনিয়েস্তা-বুসকেটস যেন বল খুব বেশি দখলে রাখতে না পারে। বার্সাকে চাপে রাখলে দুই ফুলব্যাক আবিদাল ও আলভেস বেশি ওপরে উঠতে পারবে না, বার্সার একটি শক্তিশালী অস্ত্র ভোঁতা হয়ে যাবে। বল পেলে ম্যানইউর কী করা উচিত?সমাধান: ম্যাচের বেশির ভাগ সময় ইংলিশ চ্যাম্পিয়নদের যে বল তাড়া করেই ফিরতে হবে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বল পেলে যত দ্রুত সম্ভব দুই ফরোয়ার্ডের কাছে বল পৌঁছে দিতে হবে। ইউনাইটেডের এমন দুজন দ্রুতগতির ফরোয়ার্ড আছে, যারা সত্যিই বার্সাকে ভোগাতে পারে—ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজ। এই দুজনের সামনে বার্সার সেন্ট্রাল ডিফেন্সে থাকবে কার্লোস পুয়োল ও জেরার্ড পিকে, যাদের কেউই খুব দ্রুতগতির নয়। শক্ত-সামর্থ্য, দ্রুতগতির ফরোয়ার্ডরা এই মৌসুমে পুয়োল-পিকেকে ভুগিয়েছে। একবার পেছনে ফেলতে পারলে ফিরে এসে বিপদমুক্ত করার মতো গতি এই দুজনের নেই। তবে বার্সার গোলকিপার ভালদেস ‘একের বিপক্ষে এক’ পরিস্থিতিতে সেরাদের একজন। মেসিকে কি আটকানো সম্ভব?সমাধান: সংক্ষেপে বলা যায়, ‘না’। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গতি আর স্কিল অসাধারণ। কাজেই প্রথম কাজই হলো, যতটা সম্ভব তাকে বল পেতে না দেওয়া। বার্সার বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে রিয়াল কোচ মরিনহো সেন্টার ব্যাক পেপেকে মুক্ত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। পেপের কার্যকর ভূমিকায় বার্সা মিডফিল্ডাররা মেসিকে সেভাবে বলের জোগান দিতে পারেনি। মেসিকে বেশকিছু কড়া ট্যাকলও করেছে পেপে। ক্যারিক বা পার্ককে দিয়ে একই কাজ করাতে পারে ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে পেপে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পরই যে মেসি দুই গোল পেয়েছে, এটা কিন্তু মোটেও কাকতালীয় নয়! জাভিকে ম্যান-মার্কিং কতটা কাজে আসবে?সমাধান: খুব আঁটোসাঁটো জায়গায় বল পেয়েও সেখান থেকে বেরিয়ে আসা ও মোক্ষম পাস দেওয়ায় এই প্লে-মেকারের জুড়ি নেই। লা-লিগায় অনেক সময়ই তাঁকে ম্যান-মার্কিংয়ে রাখা হয়েছে এবং এতে অস্বস্তির কথা জাভি নিজেও স্বীকার করেছেন। এই কাজে সবচেয়ে উপযুক্ত হয়তো পার্ক। অফুরন্ত দম ও হার না মানা মানসিকতার পার্ক তা পারলে ইউনাইটেডের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। উঁচু বলে কি বার্সা নড়বড়ে?সমাধান: কর্নার ও ফ্রি-কিকের সময় বাতাসে তাদের অনেক সময়ই নড়বড়ে মনে হয়েছে, বিশেষ করে পুয়োল না খেললে। গোলকিপার ভালদেস উঁচু ক্রসে খুব একটা স্বচ্ছন্দ নয়। পাল্টা আক্রমণে ইউনাইটেড যদি বার্সার দূরের পোস্টে উঁচু ক্রস ফেলতে পারে, তাহলে বার্সা বিপদে পড়তে পারে। কিংস কাপের ফাইনালে যেমন এমন এক ক্রসেই আদ্রিয়ানোর চেয়ে বেশি লাফিয়ে রোনালদোর হেড জিতিয়েছিল রিয়ালকে।