বার্সেলোনাকে ‘ছোট দল’ বললেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের শিরোপাখরা ঘুচানোর মিশনে খুব বেশি সাফল্য না পেলেও একের পর এক বিতর্কিত কাণ্ডকারখানা করে স্প্যানিশ ফুটবলে উত্তেজনা সৃষ্টি করে চলেছেন হোসে মরিনহো। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় লেগের খেলাতেও যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছেন এই পর্তুগিজ কোচ। এমনকি মরিনহো স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করছেন বলেও অভিযোগ করেছেন বার্সা খেলোয়াড়েরা। তবে এর পরও শান্ত হননি রিয়াল কোচ মরিনহো। এবার উল্টো ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনাকেই ‘ছোট দল’ বলে অভিহিত করেছেন তিনি।ন্যু ক্যাম্পে গতকাল দ্বিতীয়ার্ধের খেলায় কোনো বলবয় ছিল না বলে অভিযোগ করেছেন মরিনহো। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ আজ প্রথম থেকে শেষপর্যন্ত খুব অসাধারণ ফুটবল খেলেছে। আমরা এখানে খেলতেই এসেছিলাম। এখন আমি যা বলব, এটা কোনো সমালোচনা না। আমি শুধু ঘটনাটা বর্ণনা করছি। দ্বিতীয়ার্ধের খেলায় সত্যিই কোনো বলবয় ছিল না। এটা একেবারে ছোট দলগুলোর মতো আচরণ। যারা অনেক সমস্যার মুখে পড়লে এ ধরনের আচরণ করে।’সুপার কাপ শিরোপাটা অল্পের জন্য হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করলেও শিষ্যদের পারফরমেন্স ও মনোভাবে সন্তুষ্টিই প্রকাশ করেছেন মরিনহো। বলেছেন, ‘আমরা খুশি এ কথা আমি বলব না। কারণ আমরা সুপার কাপটা জিততে পারিনি। কিন্তু আমরা সত্যিকারের মানুষের মতো খেলেছি। অল্পতেই নুয়ে পড়িনি। আমার খেলোয়াড়দের পারফরমেন্সে আমি খুবই খুশি।’ ইএসপিএন।