বার্সেলোনাতেই থাকতে চান মেসি
খুব অল্প বয়সেই বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মেসিয়ায় নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। এরপর ২০০৪-০৫ মৌসুমে তাঁর গায়ে ওঠে বার্সেলোনার জার্সি। সেই আসরেই লা লিগায় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করে রেকর্ড-বুকে নাম তুলে ফেলেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তারপর বার্সেলোনার জার্সি গায়ে একের পর এক অনন্য সব কীর্তি করেই চলেছেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। আর ক্যারিয়ারের বাকি সময়টাও নিজের শৈশবের ক্লাবেই কাটানোর কথা ভাবছেন মেসি। বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমানোর কথা কখনো ভাবেন না বলে জানিয়েছেন এ সময়ের সেরা এই ফুটবলার।আজ শনিবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, আমি সব সময়ই বার্সেলোনাতে থাকতে চাই। ক্যারিয়ারের বাকি সময়টাও আমি এখানেই কাটাতে চাই। কেউই জানে না ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ভার যদি আমার ওপরে থাকে তাহলে আমি বার্সেলোনাতেই আমার বাকি সময়টা কাটাতে চাই।’ বার্সেলোনার ফুটবলকে অনেকেই অভিহিত করেন অন্য গ্রহের ফুটবল হিসেবে। অনেকে বার্সেলোনার খেলার সঙ্গে প্লেস্টেশনের ফুটবল গেমের পার্থক্য করতে পারেন না। এবার মেসি নিজেও বললেন যে, বার্সেলোনার বর্তমান দলটা যেভাবে খেলে, তেমনটা তিনি আর কখনো দেখেননি। তিনি বলেছেন, ‘ফুটবলের ইতিহাস জুড়ে যে কিংবদন্তি দলগুলো ছিল, তাদের খেলা আমি দেখিনি। কারণ, আমার বয়স। অন্য দলগুলোর খেলা দেখার মতো আর তাদের সঙ্গে তুলনা করার মতো বয়স আমার হয়নি। যে কারণে বর্তমানের বার্সেলোনা দলটাকেই আমার সবচেয়ে ভালো মনে হয়।’—রয়টার্স