বার্সেলোনাতেই বুড়ো হতে চান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা করব—ইন্টার মিলান, এসি মিলান শিবির থেকে দু-একবার ফিসফিসানি উঠেছে বটে। কিন্তু পাকাপাকিভাবে মেসিকে পাওয়ার দুঃসাহসিক অভিযানে কখনোই কেউ নামেনি। ভবিষ্যতে যদি কোনো ক্লাব দুঃসাহসটা দেখায়ও, সফল হবে না! কারণ ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই মেসির নেই। আর্জেন্টাইন তারকা পুরো ক্যারিয়ারই কাটিয়ে দিতে চান বার্সেলোনায়।বার্সেলোনাতেই প্রস্ফুটিত মেসির নামের বিস্ময়-ফুল। বার্সেলোনাতেই মেসির ‘মেসি’ হয়ে ওঠা। ন্যু ক্যাম্প তাই তাঁর কাছে আপন ঘরের চেয়েও বেশি কিছু। এই ঘর খালি করে মেসি যেতে চান না কোনো দিন, ‘সত্যিটা হলো, আমার সব সময়ই চাওয়া বার্সেলোনাতেই থেকে যাওয়া। ক্যারিয়ারের বাকিটা সময়ও আমি এখানেই থাকতে চাই।’কিন্তু ভবিষ্যতের গতিপথ তো আর মানুষ নির্ধারণ করে দেয় না। সেটা মনে রেখেই বলছেন, ‘আমি সব সময়ই বলি, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। কিন্তু সিদ্ধান্তটা যদি আমাকেই নিতে হয়, ক্যারিয়ারের বাকিটা সময় হয়তো আমি বার্সেলোনাতেই থাকব।’পরে বার্সেলোনার প্রশংসা করে বলেছেন, তাঁর দেখা দলগুলোর মধ্যে বর্তমান বার্সেলোনাই সেরা। মেসি প্রশংসায় ভাসিয়েছেন কোচ পেপ গার্দিওলাকেও। দলের সাফল্যের কারিগর তো বটেই, মেসির কথা, তাঁকেও বেশি বেশি গোল করার জন্য সাহায্য করেছেন গার্দিওলা। রয়টার্স।