বার্সেলোনাতেই শেষ করবেন ইনিয়েস্তা?
মাত্র ১২ বছর বয়সে বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মেসিয়ায় পা রেখেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তারপর জাভি-মেসি-পুয়োলদের মতো তিনিও পরিণত হয়েছেন বার্সেলোনার প্রতীকে। ২০০২ সাল থেকে বার্সেলোনার মূল দলে খেলা শুরুর পর থেকে একবারও ক্লাব বদল করেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা আছে, এমন ইঙ্গিতও কখনো দেননি ইনিয়েস্তা। এখন ফুটবল ক্যারিয়ারের ইতিটাও বার্সেলোনার খেলোয়াড় হিসেবেই টানবেন কি না, সেটাই দেখার বিষয়।
বার্সেলোনার সঙ্গে ইনিয়েস্তার চুক্তির মেয়াদটা ছিল ২০১৫ সাল পর্যন্ত। এরপর তিনি আর এখানে থাকবেন, নাকি নতুন কোথাও পাড়ি জমানোর সিদ্ধান্ত নেবেন, সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ইউরোপের বেশ কিছু শীর্ষসারির ক্লাব। স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর আশায় তারা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল বার্সেলোনার সাম্প্রতিক পরিস্থিতি। কিন্তু সেই আশা যে শিগগির পূরণের নয়, সেটা জানাতে দেরি করলেন না ইনিয়েস্তা। গতকালই প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়ে নিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। তার মানে, ২০১৮ সালের জুন পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন তিনি।
সত্যিই যদি সে সময় পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকেন, তাহলে তখন ইনিয়েস্তার বয়স হবে ৩৪ বছর। ফুটবলাররা এ রকম সময়েই বুট জোড়া তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কাজেই ব্যতিক্রমী কিছু না ঘটলে ইনিয়েস্তাও হয়তো ফুটবলকে বিদায় বলবেন বার্সেলোনার খেলোয়াড় হিসেবেই।