বার্সেলোনায় খেলতেই এসেছিলেন রোনালদো, তবে...

রোনালদো খেলতে এসেছেন বার্সেলোনায়? শুনলেই বিভ্রান্তি জাগে। ক্রিস্টিয়ানো রোনালদোর তো বার্সার হয়ে খেলার কথা নয়। ব্রাজিল কিংবদন্তি রোনালদো নিজে একসময় বার্সার হয়ে খেলেছেন, কিন্তু এই বয়সে আবার? তাহলে কোন রোনালদো? ব্রাজিলের রোনালদোই। বার্সেলোনায় তিনি খেলতেই এসেছিলেন, তবে ফুটবল নয়, পোকার!
বার্সেলোনা তো আর শুধু ফুটবলের নয়, স্পেনের এই শহরটিতে অনুষ্ঠিত হয় দেশটির সবচেয়ে বড় বার্ষিক পোকার উত্সবও। তাসের এই খেলাটিতে অংশ নেওয়ার জন্যই সম্প্রতি বার্সেলোনায় এসেছিলেন রোনালদো।
সম্প্রতি দ্য ফেনোমেনন যোগ দিয়েছেন পোকারের জনপ্রিয় ওয়েবসাইট পোকারস্টার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বার্সেলোনায় তিনি খেলতে বসেছিলেন স্প্যানিশ অনলাইন প্রতিযোগিতার বিজয়ী রিয়াল মাদ্রিদের হোসে লুইজ সায়েজ, মালাগার ভিসেন্তে ডেলগাডো ও করদোবার ম্যানুয়েল কোরেয়াসের সঙ্গে।
রোনালদোর আগে স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল, ডাচ অলিম্পিক হকি খেলোয়াড় ফাতিমা মোরেইরা ডি মেলোকেও দেখা গেছে পোকারস্টার্সের প্রতিনিধি হিসেবে। ফুটবলের মতো তাসের এই খেলাটিও রোনালদো খেলছেন নিষ্ঠার সঙ্গে। আর ফুটবলের সঙ্গে পোকারের অনেক মিলও খুঁজে পেয়েছেন তিনি, ‘আমি সব সময় সব জায়গায় নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। পোকার খেলার চ্যালেঞ্জটাও আমার পছন্দ। আমার কাছে ফুটবল আর পোকারের মধ্যে অনেক মিলও আছে। দুই জায়গাতেই অনেক মানসিক শৃঙ্খলা, অনুশীলন আর প্রশিক্ষণ দরকার।’
রোনালদো বার্সায় একটাই মৌসুম কাটিয়েছিলেন। ১৯৯৬-৯৭ সেই মৌসুমে রীতিমতো গোলের বন্যা ছুটিয়েছেন। ৪৯ ম্যাচে করেছিলেন ৪৭ গোল। এক মৌসুমে বার্সার হয়ে সর্বোচ্চ গোলের যে রেকর্ডটি পরে ভেঙেছেন মেসি। সেই রোনালদো পোকার খেলায় কেমন, তা অবশ্য জানা যায়নি। পোকারের প্রসঙ্গ উঠলে অবশ্য আরেক ক্রীড়া কিংবদন্তির নাম ওঠে। তিনি সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন!