
বার্সেলোনায় ঔজ্জ্বল্য ছড়ানো বা চমক যা দেখাচ্ছেন মেয়েরাই। কাল আরও তিনটি বিশ্ব রেকর্ড দেখল বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে বার্সেলোনায় এ পর্যন্ত গড়া ছয়টি বিশ্ব রেকর্ডই গড়লেন মেয়েরা। চারটিই ব্রেস্টস্ট্রোকে। এর দুটিই অবশ্য ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে! দুটিই কাল। এএফপি।
সকালে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে রাশিয়ার ইউলিয়া ইফিমোভা ভেঙে দেন যুক্তরাষ্ট্রের জেসিকা হার্ডির চার বছরের পুরোনো রেকর্ড। সময় করেন ২৯.৭৮ সেকেন্ড। আট ঘণ্টা পরই সেমিফাইনালে রুশ তরুণীর রেকর্ডটা ভেঙে দিয়েছেন লিথুনিয়ার রুতা মেইলুতিতে, ২৯.৪৮ সেকেন্ড সময় করে। কাল অন্য রেকর্ডটি গড়েছেন কেটি লেডেকি। ৮০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী মেয়ে সোনা জিতেছেন ৮ মিনিট ১৩.৮৬ সেকেন্ড সময় করে। ভেঙেছেন ব্রিটেনের রেবেকা এডিংটনের ২০০৮ বেইজিং অলিম্পিকে গড়া (৮ মিনিট ১৪.১০ সেকেন্ড) রেকর্ড। বার্সেলোনায় মেইলুতিতে ও লেডেকি রেকর্ড গড়লেন দুটি করে। মেইলুতিতে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এবং লেডেকি ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও রেকর্ড গড়েছেন। বিশ্ব রেকর্ড নয়, মিসি ফ্রাঙ্কলিন ছুঁয়েছেন অন্য রকম এক রেকর্ড। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতে যুক্তরাষ্ট্রের ‘বিস্ময় বালিকা’ ভাগ বসিয়েছেন এক বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পাঁচ সোনা জয়ের রেকর্ডে। তিনি ছাড়া এই কীর্তি আছে শুধু দুজনের, ফ্রাঙ্কলিনেরই স্বদেশি ট্রেসি ককিন্স (১৯৭৮) ও অস্ট্রেলিয়ার লিবি ট্রিকেটের (২০০৭)।
২ মিনিট ৪.৭৬ সেকেন্ড সময় নিয়ে টুর্নামেন্টে পঞ্চম সোনা জেতা ১৮ বছর বয়সী ফ্রাঙ্কলিন সুযোগ পাচ্ছেন রেকর্ডটা একার করে নেওয়ারও। আরও একটি ইভেন্ট বাকি তাঁর।
ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২১.৩২ সেকেন্ড সময় করে টুর্নামেন্টে দ্বিতীয় সোনা গলায় ঝুলিয়েছেন ব্রাজিলের বিশ্ব রেকর্ডধারী সিজার সিয়েলো। ২৯তম জন্মদিনে রায়ান লোকটিকে একরাশ হতাশা উপহার দিয়ে ১০০ বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকার চাদ লি ক্লস।